ছাত্র হত্যা মামলার আসামি রাজাপুর ইউএনও ওএসডি

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৯:৩১ এএম

ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত স্কুলছাত্র আলিফ আহমেদ সিয়াম হত্যা মামলার ৫ নম্বর আসামি ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দকে ওএসডি করা হয়েছে। গত বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রাজীব আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে রাজাপুরের ইউএনও পদ থেকে প্রত্যাহার করে ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজাপুর, ঝালকাঠি হিসেবে কর্মরত রাহুল চন্দকে তার বর্তমান পদ থেকে অব্যাহতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলো। বিসিএস ৩৫ ব্যাচের এই কর্মকর্তা গত বছরের ৩০ সেপ্টেম্বর রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ০৫ অগাস্ট ঢাকাগামী লং মার্চকে কেন্দ্র করে সাভারে ছাত্র-জনতার মিছিলের ওপর পুলিশ গুলি চালালে গুরুতর আহত হয় সাভার ডেইরি ফার্ম স্কুলের দশম শ্রেণির ছাত্র আলিফ আহমেদ সিয়াম। পরে চিকিৎসাধীন অবস্থায় ০৭ আগস্ট সিয়াম মারা গেলে বাগেরহাটের গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। এ ঘটনায় নিহত সিয়ামের বাবা বুলবুল কবির চলতি বছরের ৬ জুন সাভার থানায় একটি হত্যা মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত