মুন্সীগঞ্জের গজারিয়ায় জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে হোমনা-মেঘনা নাগরিক সমাজের ব্যানারে ঢাকান্ডচট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ভাটেরচর এলাকায় ঢাকান্ডচট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম ও ওসি আনোয়ার আলম আজাদের অনুরোধে মহাসড়ক ছেড়ে সড়কের পাশে প্রতিবাদ সভা করে তারা।
এ সময় মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মুন্সী বলেন, ‘মেঘনা ও হোমনার মানুষ একসঙ্গে থাকতে চায়। তাদের আর কোনো দাবি নেই। সরকারকে আমাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ করছি।’
খোরশেদ আলম মিন্টু নামে আরেক আন্দোলনকারী বলেন, ‘আমাদের দাবি মানা না হলে মেঘনা ও হোমনার সর্বস্তরের জনগণ এক হয়ে ঢাকান্ডচট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতা আব্দুল ওয়াদুদ মুন্সী, আজহারুল হক শাহীন, শাহাবুদ্দিন আহম্মেদ, শহীদুল্লাহ সরকার, আব্দুল মতিন, নুরুল ইসলাম জহির, মহিউদ্দিন, মোজাম্মেল হক মুকুল, সানাউল্লাহ সরকার, নজরুল ইসলাম প্রমুখ।
