১৯৫৪ সাল। জাপানে মুক্তি পেল একটা ছবি। নাম ‘গজিরা’। হলিউডের দৌলতে তাকে আমরা চিনি ‘গডজিলা’ নামে। পৃথিবীর কাছে অতিকায় দানবের দাপাদাপির এই ছবি হয়তো অ্যাডভেঞ্চারের জমকালো বর্ণ-গন্ধ-স্পর্শের। ১৯৪৫ সালের ৬ ও ৯ আগস্ট যে ভয়ের কুয়াশায় ডুবে গিয়েছিল জাপান, সেই কুয়াশাই যেন জমাট বেঁধে গগনচুম্বী এক অস্তিত্ব হয়ে দেখা দেয় রুপালি পর্দায়! গডজিলা দেখতে দেখতে কাঁদতে কাঁদতে হল ছেড়ে চলে গিয়েছিলেন বহু দর্শক। অথচ সেই ছবিই যখন ১৯৫৬ সালে হলিউডে পাড়ি দিল, সেই একই ছবি দেখে আমেরিকানরা হেসে ফেললেন! কিন্তু কেন? দেখতে দেখতে অনেক বছর পেরিয়ে গেছে, ‘লিটল বয়’ ও ‘ফ্যাট ম্যান’ নামের দুটি পারমাণবিক বোমা আছড়ে পড়ার ইতিহাসের। দেড় থেকে আড়াই লক্ষ মানুষের মৃত্যু শুধু নয়। মৃত্যুর বীভৎসতাকে ছাপিয়ে গোটা সভ্যতার সামনে ধ্বংসের এক অতিকায়, বলা যায় ‘লার্জার দ্যান লাইফ’ পতাকা হয়ে দেখা দিয়েছিল সেই মরণশীতল কুণ্ডলী মেঘ। আসলে যুদ্ধের ভয়াবহতা, সভ্যতা সেই গোড়া থেকেই দেখে এসেছে। কিন্তু এমন দমবন্ধ, অবিশ্বাস্য ছবি কেউ কল্পনাও করতে পারেনি। আর সেই কারণেই মরণের এমন দিগন্তবিস্তারি চেহারা যুদ্ধবিধ্বস্ত জাপানকে একেবারে নিঃস্ব করে দিয়েছিল। অগত্যা তরুণ সম্রাট হিরোহিতো আত্মসমর্পণের ঘোষণা করেন। শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
×
