এ মাসেই সম্মিলিত সুন্নি জোটের ঘোষণা

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৭:৪৭ এএম

সুন্নিপন্থি তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নতুন নির্বাচনী জোট ‘সম্মিলিত সুন্নি জোট’-এর আনুষ্ঠানিক ঘোষণা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ৩০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এর প্রস্তুতির অংশ হিসেবে গতকাল শনিবার সুন্নিপন্থি তিনটি আহলে সুন্নাত ওয়াল জামাআত সংগঠন ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় কাউন্সিলের মাধ্যমে একক কমিটি ঘোষণা করেছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, নির্বাচন কমিশনের নিবন্ধিত তিনটি রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), এই জোট গঠনের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে। গতকাল সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাআতের জাতীয় কাউন্সিলে তিন দলের শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এই কাউন্সিলে শায়খুল হাদীস কাজী মঈনুদ্দিন আশরাফীকে চেয়ারম্যান, আল্লামা আবুল কাশেম নূরীকে নির্বাহী চেয়ারম্যান এবং ড. আবদুল্লাহ আল মারুফকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে, সুন্নিপন্থি তিনটি পৃথক আহলে সুন্নাত ওয়াল জামাআত সংগঠন তাদের স্ব-স্ব কমিটি বিলুপ্ত করে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেয়। নতুন এই জোটের ঘোষণার অপেক্ষায় থাকা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন দেশ রূপান্তরকে বলেন, ‘দেশের সুন্নি জনতার দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার প্রতি শ্রদ্ধা রেখে আমরা রাজনীতির মাঠে সুন্নিপন্থি দলগুলোকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিয়েছি। এই প্রক্রিয়া আমরা বেশ কিছুদিন আগে থেকেই শুরু করেছিলাম। প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিনটি আহলে সুন্নাত ওয়াল জামাআত সংগঠনকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছি। আগামী ৩০ আগস্ট আমরা সুন্নিপন্থি দলগুলো নিয়ে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেব। আমরা আশা করছি, আগামী জাতীয় নির্বাচনে এই জোট সারা দেশের সুন্নি জনতার সমর্থন অর্জন করতে সক্ষম হবে।’

জোটের অন্যতম শরিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর এ প্রতিবেদককে বলেন, ‘সুন্নিপন্থি রাজনৈতিক দলগুলোকে একটি জোটের আওতায় আনার পাশাপাশি আমরা তরিকতপন্থি বিভিন্ন দরবার ও সংগঠনকেও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করছি। আহলে সুন্নাত ওয়াল জামাআতের একক কমিটি ঘোষণার মধ্য দিয়ে আমাদের ঐক্যের যাত্রা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, এই ঐক্য দেশের রাজনৈতিক ও অরাজনৈতিক সুন্নি সংগঠনগুলোর মধ্যে একটি সুবাতাস বয়ে আনবে এবং জাতীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।’

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানায়, নতুন এই জোটে একক নেতৃত্বের পরিবর্তে তিনটি রাজনৈতিক দলের ছয়জন শীর্ষ নেতার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে সব কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়া সুন্নি আকিদার অনুসারী আরও কয়েকটি রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনকে জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। এই আলোচনা ফলপ্রসূ হলে জোটভুক্ত দল ও সংগঠনের সংখ্যা আরও বাড়তে পারে। তবে, আগামী জাতীয় নির্বাচনে জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি বা কোন প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

দেশে নির্বাচন কমিশনের নিবন্ধিত বেশ কয়েকটি সুন্নিপন্থি রাজনৈতিক দল থাকলেও অতীতে তারা পৃথকভাবে বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছে। এ কারণে কোনো দলই ভোটের ফলাফলে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারেনি। এই প্রথমবারের মতো সুন্নিপন্থি দলগুলো রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতিশীলতা আনতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জোট গঠনের ফলে সুন্নিপন্থি ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হতে পারে, যারা অতীতে বিভক্তির কারণে তাদের পছন্দের দলগুলোর দুর্বল প্রদর্শনের জন্য হতাশ ছিলেন। তবে, জোটের সাফল্য নির্ভর করবে আসন ভাগাভাগি, প্রতীক নির্বাচন এবং জোটভুক্ত দলগুলোর মধ্যে সমন্বয়ের ওপর। এ ছাড়া তরিকতপন্থি দরবার ও অন্যান্য সুন্নি সংগঠনগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চ্যালেঞ্জও উল্লেখযোগ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত