ক্ষুদ্র প্রাণী বাঁচলে প্রকৃতি বাঁচবে

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১২:৩২ এএম

প্রকৃতির ক্ষুদ্রতম এক সদস্য, লাল পিঁপড়া। তারা খুব ছোট অথচ পরিবেশে অপরিসীম গুরুত্ব বহন করছে। এই প্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষার নিঃশব্দ প্রহরী। কিন্তু আজ নীরব প্রহরীর অস্তিত্ব বিপন্ন। অসংযত ও অবাধ শিকারে তারা বিলুপ্তির দ্বারপ্রান্তে। ফলে তাদের সুরক্ষার জন্য, বিশেষ আইন প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। পিঁপড়া আসলে খুবই সামাজিক, পরিশ্রমী ও চতুর প্রাণী। দেশে খুদে পিঁপড়া, ডেঁয়ো পিঁপড়া, সুড়সুড়ে পিঁপড়া, বিষ পিঁপড়া, লাল পিঁপড়া ছাড়াও বহু প্রজাতির পিঁপড়া রয়েছে। একটু কম বিষাক্ত বড় আকৃতির লাল পিঁপড়ারা বন্য এবং দলবেঁধে গাছের মাথায় বাসা বানিয়ে থাকে। ভাওয়াল ও মধুপুর গজারি বনে গাছের মাথায় এদের বাসা বেশি দেখা যায়। এ এলাকায় স্থানীয় নাম ‘গজারি কুত্তা’। তাছাড়া দেশে আম, লিচু, মেহগনি গাছসহ অনেক গাছে লাল পিঁপড়ার বাসা চোখে পড়ে। সেখানেই তারা জীবনচক্রের ধাপ সম্পূর্ণ করে। লাল পিঁপড়া শুধু একটি ক্ষুদ্র পোকা নয়; তারা বন্যপ্রাণী হিসেবে পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। বনের গাছে, মাঠে, মাটির নিচে, এমনকি মানব আবাসের আশপাশেও তারা বাসা গড়ে দলবদ্ধভাবে জীবনযাপন করে। রানীর নেতৃত্বে পিঁপড়ারা জটিল সামাজিক ব্যবস্থা মেনে কাজ করে। তাদের বাসা সাধারণত গাছের ওপরের পাতাগুলো থেকে তৈরি হয়, যেখানে পাতা একত্র করে লালা দিয়ে শক্তিশালী বাসা বানানো হয়। বসন্তকালে ডানা গজিয়ে তারা উড়াল দিয়ে নতুন কলোনি গড়ে বংশবিস্তার করে।

পরিবেশে গুরুত্ব : লাল পিঁপড়ার গুরুত্ব এককথায় অপরিসীম ও বহুমাত্রিক। প্রকৃতির এই ক্ষুদ্র প্রাণীটি তার ভূমিকার মাধ্যমে, জীবজগতে সমতা ও সুষমতা বজায় রাখে। প্রথমত : লাল পিঁপড়া কৃষিক্ষেত্রে এক ধরনের প্রাকৃতিক সুরক্ষাকবচ হিসেবে কাজ করে। তারা শুঁয়াপোকা, মশা, মাছি ও অন্যান্য ক্ষতিকর পোকামাকড়ের বিস্তার রোধ করে যা আমাদের ফসলের উৎপাদনশীলতা ও গুণগতমান উন্নত করে। পরিবেশে রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার অনেক সময়, মাটির উর্বরতা হ্রাস করে এবং জলবায়ুর ভারসাম্য বিঘিœত করে। তাই লাল পিঁপড়ার প্রাকৃতিক ভূমিকা, পরিবেশ রক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত : লাল পিঁপড়া মাটির গুণগত মান উন্নয়নে বিশেষ অবদান রাখে। তারা বাসা বানাতে মাটি খুঁড়ে বাতাস চলাচল ও পানি শোষণের ব্যবস্থা বাড়িয়ে মাটিকে উর্বর করে তোলে। ফলে মাটি শক্তিশালী হয় এবং গাছপালার জন্য উপযোগী হয়ে ওঠে। এই প্রক্রিয়া কৃষিক্ষেত্রে প্রাকৃতিক সারের বিকল্প হিসেবে কাজ করে, যা পরিবেশবান্ধব কৃষিব্যবস্থার পথ প্রশস্ত করে। তৃতীয়ত : লাল পিঁপড়া খাদ্যশৃঙ্খলের একটি অবিচ্ছেদ্য অংশ। তারা পাখি, ব্যাঙ, গিরগিটিসহ বিভিন্ন প্রাণীর খাদ্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার মাধ্যমে জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় থাকে। কিন্তু ভারসাম্যহীনতা পরিবেশে নানা ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। যেমন, কোনো একটি প্রজাতির অতিরিক্ত বৃদ্ধি বা সংকট, যা সম্পূর্ণ বাস্তুসংস্থানের ক্ষতি করতে পারে। চতুর্থত : লাল পিঁপড়া পরিবেশ পরিষ্কার ও পুনরুজ্জীবনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। তারা মৃত প্রাণীর দেহ ভক্ষণ ও পচন প্রক্রিয়া দ্রুততর করে পরিবেশকে পরিষ্কার রাখে এবং মৃতদেহের মাধ্যমে জীবাণু সংক্রমণ ঠেকায়। এই প্রক্রিয়া মাটির উর্বরতায় অবদান রাখে, কারণ পচনপ্রক্রিয়ায় নির্গত পুষ্টি উপাদান মাটিতে মিশে গাছপালার জন্য সার হিসেবে কাজ করে। পঞ্চমত : লাল পিঁপড়া গাছের পরাগায়নে অবদান রাখে। তারা ফুল থেকে ফুলে মধু ও পরাগ বহন করে গাছপালার প্রজননে সাহায্য করে, যা বনজ ও কৃষিপণ্য উভয় ক্ষেত্রে ফলপ্রসূ হয়। এটি প্রকৃতির পুনরুৎপাদন প্রক্রিয়াকে সুসংগঠিত ও সুষ্ঠুভাবে চলতে সহায়তা করে।

লাল পিঁপড়ার সামাজিকতা, যোগাযোগব্যবস্থা এবং শৃঙ্খলা নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে ব্যাপক গবেষণা চলছে। তাদের সামাজিক আচরণ থেকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও যোগাযোগব্যবস্থায় নতুন ধারণা ও প্রযুক্তি উদ্ভাবনে অনুপ্রেরণা পাই। সে দিক থেকে লাল পিঁপড়া শুধুমাত্র পরিবেশের জন্য নয়, আধুনিক বিজ্ঞানের উন্নয়নে অপরিহার্য। সার্বিকভাবে, লাল পিঁপড়া পরিবেশের এক নীরব কর্মী। যারা আমাদের কৃষি, বাস্তুসংস্থান, পরিবেশ পরিচ্ছন্নতা ও বিজ্ঞান-প্রযুক্তির অগ্রগতিতে অনন্য অবদান রাখছে। তাই তাদের সংরক্ষণ ও সুরক্ষার জন্য প্রয়োজন বিশেষ মনোযোগ ও আইনগত ব্যবস্থা, যাতে এই মূল্যবান প্রাণী আগামী প্রজন্মের জন্য অক্ষুন্ন থাকে। বর্তমানে বিপন্নতার মুখে পড়েছে লাল পিঁপড়া। এর প্রধান কারণ মানুষের অবহেলা ও লোভ। বিশেষ করে, গ্রামীণ অঞ্চলের দরিদ্র ও বেকার মানুষেরা জীবিকা নির্বাহের জন্য লাল পিঁপড়ার ডিম আহরণ করেন। বিষয়টি একদিকে তাদের জীবনের অবলম্বন হলেও অন্যদিকে পরিবেশ ও বাস্তুতন্ত্রের জন্য বিরূপ প্রভাব বিস্তার করছে। মাছ ধরার কাজে ব্যবহারের জন্য এই ডিমের বাজারমূল্য অত্যন্ত বৃদ্ধি পাওয়ায় অবৈধ শিকার ও বাসা ভাঙার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অতীতে একটি বাসা থেকে পাওয়া ডিমের পরিমাণ ছিল ২ থেকে ৩ কেজি, যা এখন মাত্র ২০০-৩০০ গ্রামে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এই অব্যাহত হ্রাস লাল পিঁপড়ার প্রজনন প্রক্রিয়ায় বড় ধরনের বাধা সৃষ্টি করছে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করছে। ফলে মানবজীবনের স্বার্থে হলেও, লাল পিঁপড়ার সুরক্ষা ও সংরক্ষণ জরুরি। যাতে দীর্ঘমেয়াদে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি রোধ করা যায়। লাল পিঁপড়ার বিপন্নতার অন্যতম কারণ, তাদের বাসস্থান ধ্বংস। শুধু বাসা ভাঙাই নয় বন কাটা, গাছপালা ধ্বংস এবং রাস্তা ও বসতি সম্প্রসারণের ফলে তাদের প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হচ্ছে প্রতিনিয়ত। এই পরিবেশগত পরিবর্তন লাল পিঁপড়ার জীবন সংগ্রামকে অত্যন্ত কঠিন করে তুলেছে। আবাসস্থলের সংকোচনের কারণে তারা যথেষ্ট খাদ্য ও আশ্রয়ের অভাবে পড়ে, যা তাদের বংশবৃদ্ধি ও টিকে থাকার সম্ভাবনাকে বিপদের মুখে ফেলছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য লাল পিঁপড়ার বাসস্থান সংরক্ষণ করা প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ রক্ষার স্বার্থে, মানব প্রজাতিকে বাঁচিয়ে রাখার স্বার্থেই, এ ব্যাপারে সতর্কতা জরুরি। অপরিকল্পিত শিকার ও রাসায়নিক ব্যবহার লাল পিঁপড়ার বিপন্নতার অন্যতম কারণ। অনেক ক্ষেত্রে এই ক্ষুদ্র প্রাণীকে ধ্বংস করতে অবাধ শিকার চালানো হয়, যা তাদের প্রজাতিকে সংকটের মুখে ফেলে। পাশাপাশি, কৃষিক্ষেত্রে ও পরিবেশে ব্যাপকভাবে রাসায়নিক কীটনাশক ও বিষপ্রয়োগ করা হয়, যা লাল পিঁপড়াসহ অন্যান্য গুণান্বিত প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। এই অবৈজ্ঞানিক কর্মকাণ্ড পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে, ফসলের উৎপাদনশীলতাকে প্রভাবিত করে এবং জীববৈচিত্র্যের ক্ষতি করে। তাই, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কৃষির জন্য লাল পিঁপড়াসহ প্রাকৃতিক জীবজগতের সুরক্ষা ও অবাধ শিকার রোধ করা অত্যন্ত জরুরি।

বন্যপ্রাণী সংরক্ষণ আইন : লাল পিঁপড়া বাংলাদেশের প্রকৃতির এক অতি মূল্যবান উপাদান হলেও বর্তমানে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় নেই। এর ফলে তারা সঠিক সুরক্ষা থেকে বঞ্চিত। বাংলাদেশসহ বিশ্বব্যাপী বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা ও অবৈধ শিকার রোধে অপরিহার্য ভূমিকা পালন করে। লাল পিঁপড়ার ওপর সুনির্দিষ্ট আইনগত সুরক্ষা না থাকায় তাদের বাসস্থান বিনষ্ট হওয়া, অবৈধ শিকার ও পরিবেশ দূষণের ফলে প্রকৃতির ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরাধীকে আইনের আওতায় আনা হলে, অবৈধ শিকার ও বাসস্থান ধ্বংস প্রতিরোধ সম্ভব হবে যা লাল পিঁপড়ার অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, স্থানীয় ও জাতীয় পর্যায়ে লাল পিঁপড়ার গুরুত্ব সমাজে তুলে ধরা সম্ভব হবে এবং সরকারি-বেসরকারি সংস্থাগুলো কার্যকর মনিটরিং ও সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করতে পারবে। এর ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষের দায়িত্ববোধও বৃদ্ধি পাবে, যা টেকসই উন্নয়ন ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষার জন্য অপরিহার্য। লাল পিঁপড়া সংরক্ষণে সফলতা অর্জনের জন্য সরকারের পাশাপাশি সমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এ লক্ষ্যে করণীয় নানা পদক্ষেপ গ্রহণ করা জরুরি, যার মধ্যে অন্যতম হলো আইন প্রণয়ন ও কঠোর প্রয়োগ, যা লাল পিঁপড়াকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় নিয়ে আসবে। এতে বাসস্থান রক্ষা, অবৈধ শিকার নিয়ন্ত্রণ এবং জরিমানা বিধানসহ কার্যকরব্যবস্থা গ্রহণ সম্ভব হবে। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় লাল পিঁপড়ার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে হবে, যাতে সাধারণ মানুষ প্রকৃতির এই অনন্য উপাদানের প্রতি দায়িত্বশীল হতে পারে। এছাড়াও, ডিম সংগ্রহকারীদের জন্য বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। কারণ বিষয়টি তাদের জীবিকা ও পরিবেশের সুরক্ষা দুটোই নিশ্চিত করবে। বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত গ্রহণের জন্য লাল পিঁপড়ার জীবনচক্র, বাসস্থান, প্রজনন ও বিপদ নির্ণয়ের ওপর নিয়মিত গবেষণা ও তথ্য সংগ্রহ জরুরি। সবশেষে, স্থানীয় কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করে প্রকৃতির সুরক্ষায় তাদের দায়বদ্ধ করা হলে, সংরক্ষণ কার্যক্রম অধিক কার্যকর ও টেকসই হবে। এই সমন্বিত উদ্যোগেই লাল পিঁপড়া সংরক্ষণে বাস্তব পরিবর্তন আসবে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।

প্রথমত : লাল পিঁপড়া সংরক্ষণে কার্যকর ও টেকসই ফলাফল অর্জনের জন্য, একটি সুশৃঙ্খল আইনি কাঠামো প্রতিষ্ঠা করা আবশ্যক। এর আওতায় প্রথমত, লাল পিঁপড়ার ঘন ঘন আবাসস্থলগুলো সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করতে হবে, যা সংরক্ষিত জোন হিসেবে পরিচিত হবে এবং সেখানে বিশেষ সুরক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রযোজ্য হবে। দ্বিতীয়ত : ডিম আহরণ বা পিঁপড়া সংগ্রহের ক্ষেত্রে সরকারি অনুমতি সাপেক্ষে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা প্রয়োজন, যাতে অবৈধ শিকার ও অতিরিক্ত আহরণ রোধ করা যায় এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে। তৃতীয়ত :  অবৈধ শিকার, বাসা ভাঙা ও পরিবেশ বিনষ্টের জন্য কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নির্ধারণ করে আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে নিয়মিত পরিবেশ মনিটরিং ও প্রতিবেদন প্রকাশের মাধ্যমে লাল পিঁপড়া সংরক্ষণের অগ্রগতি মূল্যায়ন ও জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি সম্ভব হবে। বিভিন্ন বিষয় নিয়ে গঠিত একটি সুশৃঙ্খল আইনি কাঠামো, লাল পিঁপড়া সংরক্ষণে একটি শক্ত ভিত্তি স্থাপন করবে এবং পরিবেশের স্থায়িত্ব নিশ্চিত করবে। ডিম আহরণ করে জীবিকা নির্বাহকারী দরিদ্র জনগোষ্ঠীকে, অর্থনৈতিকভাবে বিকল্প প্রদান না করলে সংরক্ষণ ব্যর্থ হবে। তাই বিকল্প কর্মসংস্থান, প্রশিক্ষণ ও অর্থনৈতিক সহায়তা জরুরি। একইসঙ্গে, তাদের অংশগ্রহণে পরিবেশবান্ধব আহরণ পদ্ধতি চালু করতে হবে। লাল পিঁপড়া প্রকৃতির ক্ষুদ্র প্রাণী হলেও, আমাদের জীবনের জন্য অপরিহার্য। আজ তাদের অবহেলা করলে, আগামী প্রজন্ম প্রকৃতির এক মূল্যবান উপাদান হারাবে। এমনকি আমরা অস্তিত্বের হুমকিতেও পড়তে পারি। তাই দ্রুত লাল পিঁপড়াকে, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় আনতে হবে। তাদের রক্ষা মানে প্রকৃতি রক্ষা, প্রকৃতি রক্ষা মানে মানবজীবন রক্ষা।

লেখক: গণমাধ্যমকর্মী ও কলামিস্ট

[email protected]

×
সর্বশেষ সর্বাধিক পঠিত