ক্লাসে ভেঙে পড়ল সিলিং ফ্যান, ছাত্রী হাসপাতালে

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১২:২৫ এএম

মৌলভীবাজারের কুলাউড়ায় অগ্রণী উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে হঠাৎ সিলিং ফ্যান খুলে পড়ে আফরোজা আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে। গতকাল রবিবার এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় দেবনাথ জানান, বেলা পৌনে ১১টার দিকে তৃতীয়তলায় অষ্টম শ্রেণির গণিত ক্লাস চলছিল। এ সময় চলন্ত একটি সিলিং ফ্যান বিকট শব্দে খুলে নিচে পড়ে যায়। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে। ফ্যানের ব্লেডের আঘাতে  আফরোজার নাক কেটে যায়। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্তাজ আলী বলেন, ভবনটি আগে একতলা ছিল। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ২০২৩ সালে এটি তিনতলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়। সে সময় ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্যান লাগায়। সম্ভবত নাট-বোল্ট ঢিলে বা ক্ষয়ে যাওয়ায় ফ্যানটি পড়ে যায়। এটি শিক্ষার্থীর মাথায় পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত। ইতিমধ্যে ভবনের সব ফ্যান পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে রিপোর্ট পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত