‘ফতুল্লা স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আমার কান্না চলে আসছে। এখানে এক সময় অসংখ্য জাতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আন্তর্জাতিক টেস্ট ম্যাচও হয়েছিল। অথচ এই মাঠটির অবস্থা বর্তমানে অত্যন্ত করুণ।’ এভাবেই আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
রবিবার দুপুরে নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় জেলা ক্রীড়া কমপ্লেক্সে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে তিনি ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, মডেল গ্রুপের মালিক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাকারিয়া ইমতিয়াজ, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিদ্যুৎ, সাবেক জাতীয় ক্রিকেটার জাহাঙ্গীর আলমসহ অনেকে।
নিজের অভিজ্ঞতার কথা টেনে এনে বিসিবি সভাপতি বলেন, ‘দেশের অসংখ্য পরিবার ছেলে-মেয়েদের ক্রিকেটে যুক্ত করেছে। আমরা চাই, ক্রিকেট তাদের ভালো মানুষ ও দেশের ভালো নাগরিক হিসেবে গড়ে তুলুক। নারায়ণগঞ্জ আমাদের জন্য আইডল ছিল। এখানে নানা লিগ হতো, বিভিন্ন ক্লাবে খেলা চলত। এখানকার অসংখ্য খেলোয়াড় ঢাকায় গিয়ে খেলেছে। এখনো নারায়ণগঞ্জে ক্রিকেটের প্রতি সেই আগ্রহ দেখে আমি ভীষণ আনন্দিত।’ স্টেডিয়ামের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বুলবুল বলেন, ‘আশা করছি আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নারায়ণগঞ্জেই সব উন্নয়নকাজ শুরু হবে। যাতে এখানকার খেলোয়াড়দের ঢাকায় যেতে না হয়।’
