ফটিকছড়িতে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৮:২১ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেয়াকোঁ এলাকায় সরকারি সংরক্ষিত বনের মালিকানা নিয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে সোমবার (২৫ আগস্ট) দুপুরে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সংঘর্ষটি উপজেলা বিএনপির সভাপতি কর্নেল আজিম উল্লাহ বাহার চৌধুরী সমর্থিত গ্রুপ ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর সমর্থিত গ্রুপের মধ্যে হয়েছে।

জানা যায়, প্রবাসী মানিক অভিযোগ করেছেন, বিএনপি নেতা নাসির উদ্দিন বিপ্লব তার জায়গা দখলের চেষ্টা করেছেন এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এছাড়া তার ঘর থেকে ৩ লাখ টাকা ও মালামাল লুট করা হয়। 

এ ঘটনার প্রতিবাদে গ্রামবাসী প্রথমে কড়ই বাগান এলাকায় মানববন্ধন করেন, পরে হেয়াকোঁ বাজারের চার রাস্তার মোড়ে ব্যারিকেড বসান। এতে খাগড়াছড়ি-ফেনী আঞ্চলিক মহাসড়ক ও হেয়াকোঁ-চট্টগ্রাম সড়কে যান চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে। তিন দিকে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।

অবরোধ তুলে দিতে গেলে আজিম উল্লাহ গ্রুপ ও সরোয়ার আলমগীর গ্রুপের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে পুরো হেয়াকোঁ বাজার রণক্ষেত্রে পরিণত হয় এবং আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম পুলিশ ও বিজিবির সহায়তায় অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা নাসির উদ্দিন হায়দার বিপ্লব দাবি করেন, জায়গাটি প্রায় ২৫ বছর ধরে তার দখলে রয়েছে। তিনি বলেন, প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ তুলে জনদুর্ভোগ সৃষ্টি করছে। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বর্তমানে হেয়াকোঁ বাজার ও আশপাশে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে এবং এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত