পেছাচ্ছে রাকসু নির্বাচন

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৬:৪৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন সংগ্রহের শেষ দিন ছিল আজ মঙ্গলবার। এদিন বিকাল ৩টা পর্যন্ত রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ৮২ জন পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে মনোনয়নপত্র সংগ্রহ করেনি শাখা ছাত্রদল এবং ছাত্রশিবির। অন্যদিকে ক্রিয়াশীল ছাত্রসংগঠন ও ছাত্রদলের দুইমাস সময় চাওয়ার ‘অনুরোধে’ জরুরি সভায় বসে নির্বাচন কমিশন। সেখানে মনোনয়পত্র সংগ্রহের জন্য সময় বাড়ানোর সিদ্ধান্তসহ তিনটি বিষয়ে নতুন সিদ্ধান্ত এসেছে। যে কারণে রাকসু নির্বাচন পেছাতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন নির্বাচন কমিশন।  

তাই আগামীকাল বুধবার (২৭ আগস্ট) আবারও সভা ডেকেছেন তারা। এই সভাতেই সিদ্ধান্ত আসবে কতদিন পেছাচ্ছে রাকসু নির্বাচন। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেছেন, রাকসু নির্বাচনের তারিখ ১৫ সেপ্টেম্বর পরিবর্তন করা হবে কিনা সে বিষয়ে আগামীকাল সভা ডাকা হয়েছে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে উল্লেখিত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের জন্য কিছুদিন সময় লাগবে। সেজন্য রাকসু নির্বাচনের তারিখ পেছানোর সম্ভাবনা রয়েছে।

আজ বিকাল পৌঁনে ৫টায় নির্বাচন কমিশনারদের সভা শেষে তারা তিনটি সিদ্ধান্ত জনান। সেগুলো হলো- রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হল থেকে সরিয়ে একাডেমিক ভবনে স্থানান্তর করা হবে। ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং মনোনয়ন পত্র বিতরণের তারিখ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হবে। 

মনোনয়ন ফরম সংগ্রহ করেনি ছাত্রদল, শিবির মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনেও আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্ভাব্য প্যানেলের কোনো পদপ্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেনি। তবে ২টার দিকে গণতান্ত্রিক ছাত্র জোটসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মিলে রাকসুর ২৩টি ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বিকাল সাড়ে ৪টার দিকে ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন সম্মিলিতভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে, কে, কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা জানাননি।

এ বিষয়ে ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু এর মধ্যেই সিদ্ধান্ত শুনলাম মনোনয়নপত্র উত্তোলনের তারিখ ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্ত জানার পর আমরাসহ বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। কিন্তু নির্বাচন কমিশনের কথা শুনে মনে হয়েছে, এটি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, যদি তাদের কাছে বাস্তবসম্মত কোনো কারণ থাকে তাহলে সর্বোচ্চ আজকে তিনঘণ্টা এবং আগামীকাল দুপুর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ানো যায়। তবে, নির্বাচন আগামী ১৫ সেপ্টেম্বরেই হতে হবে। তবে, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের দুজনেই ফোন রিসিভ করেনি। 

কোন পদে কতজন মনোনয়ন সংগ্রহ করেছেন মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ দুপুর ৩টা পর্যন্ত ভিপি পদে মনোনয়নপত্র বিতরণ হয়েছে ৬টি, জিএস পদে ৪টি, এজিএস পদে ৩টি, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৩টি, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ২টি, মিডিয়া ও প্রচার সম্পাদক পদে ২টি, সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক পদে ৩টি, মহিলা বিষয়ক সম্পাদক পদে ৪টি, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে ৩টি, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৪টি, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৩টি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৪টি, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ২টি, সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ২টি, পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ৩টি এবং সহকারী পরিবেশ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক পদে ৬টি। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে ১৮টি ফরম বিতরণ করা হয়েছে। এদিকে সিনেট ছাত্র প্রতিনিধি পদে ১০টি পদে ফরম বিতরণ করা হয়েছে।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, ‘খুবই উৎসব মুখর পরিবেশে আজ মনোনয়নপত্র বিতরণ হয়েছে। অন্যান্য দিনের চেয়ে আজ বেশি সাড়া পেয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত