বাংলাদেশকে সিরিজ হারানো সম্ভব: ডাচ অধিনায়ক

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ পিএম

প্রথমবারের মতো বড় কোনো দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। টাইগারদের জন্য এটা এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ। অন্যদিকে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের প্রত্যাশা, ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে সবাইকে চমকে দেওয়া।

এশিয়া কাপের প্রাক্কালে এই সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। বাংলাদেশকে সিরিজ হারানো সম্ভব কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আপনি সবসময়ই প্রতিটি সিরিজ জিততে চাইবেন। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। যদি যথেষ্ট ভালো খেলতে পারি, তাহলে আমাদের জন্য অবশ্যই (সিরিজ জয়ের) সুযোগ আছে।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে বাংলাদেশকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছিল নেদারল্যান্ডস। সেই জয় এবারের সিরিজে আত্মবিশ্বাস বাড়াবে কিনা- এমন প্রশ্নে এডওয়ার্ডসের বক্তব্য, ‘আমার মনে হয়, গত কিছুদিন ধরেই দলের আত্মবিশ্বাস বেড়েছে। আমরা বিশ্বকাপ এবং বাছাইপর্বে অনেক চাপের ম্যাচ খেলেছি। আমাদের সাম্প্রতিক পারফর্মেন্সই প্রমাণ করে, নিজেদের দিনে আমরা যে কোনো দলকে হারাতে সক্ষম।’

একপর্যায়ে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ করে দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ জানান নেদারল্যান্ডস অধিনায়ক, ‘এটা খুবই রোমাঞ্চকর (বড় দলের বিপক্ষে খেলা)। বিসিবির সৌজন্যে এখানে খেলার সুযোগ পাওয়াটা অসাধারণ একটা ব্যাপার। বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে বাংলাদেশের জন্যও এটা ভালো প্রস্তুতি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত