স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৬:২০ এএম

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি।

হাসপাতালে নেওয়ার কারণ সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

এর আগে ৭টা ৪০মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেন খালেদা জিয়া। হাসপাতালে নেওয়ার খবরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির একাধিক নেতা খালেদা জিয়ার বাসভবনে জড়ো হন। পরে দলের নেতাকর্মীসহ খালেদা জিয়ার গাড়িবহর হাসপাতালের উদ্দেশে বাসভবন ত্যাগ করে।

সর্বশেষ গত ২৩ জুলাই রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে এভারকেয়ার হাসপাতালে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করান সাবেক এই প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, চলতি বছরের গত ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন।

টানা ১৭ দিন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। পরে দীর্ঘ চার মাস পর দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানসহ গত ৬ মে লন্ডন থেকে তিনি দেশে ফেরেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন লিভারসিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত