ফেনীতে জেল থেকে বেরিয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১২:২৫ এএম

ফেনী সদর উপজেলার পশ্চিম ফাজিলপুর এলাকায় ছুরিকাঘাতে আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার রুহুল আমিনের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে নুরুজ্জামান এরশাদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এরশাদ একই এলাকার মৃত মহসিন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, একটি মামলায় কারাগারে আটক থাকার পর পাঁচদিন আগে জামিনে বের হয়ে আসেন এরশাদ। তার সঙ্গে বিরোধ ছিল আলমগীর হোসেনের। গত বৃহস্পতিবার রাতে দেখা হলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলমগীরকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন এরশাদ। স্থানীয়রা আলমগীরকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নারিকেল চুরিকে কেন্দ্র করে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়ি ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের আইউব আলী খলিফার ছেলে রেজাউল করিম ঝণ্টু নিহত হয়েছেন। স্থানীয় ও ভাণ্ডারিয়া থানা সূত্রে জানা গেছে, গতকাল সকালে উত্তর শিয়ালকাঠী গ্রামের মজিবুর খানের ছেলে রুবেল খান নারিকেল চুরি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রেজাউল করিম ঝণ্টুকে মেরে জখম করে। পরে স্থানীয়রা ঝণ্টুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাণ্ডারিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রেজাউল করিম ঝণ্টুর লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে আটকের চেষ্টা চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত