ভারতের বিহারে শুক্রবার মাঠে গড়িয়েছে ১২তম এশিয়া কাপ হকি। পুল বি’তে বাংলাদেশের অভিযান শুরু হয়েছে ৪-১ গোলের বড় হারে। মালয়েশিয়ার বিপক্ষে শুরুতে এগিয়ে গেলেও বাংলাদেশকে ম্যাচটা হারতে হয়েছে বড় ব্যবধানে। আজ দ্বিতীয় ম্যাচে তারা চাইনিজ তাইপের মুখোমুখি হবে।
মাত্র দুই সপ্তাহ মশিউর রহমান বিপ্লবের অধীনে প্রস্তুতি নিয়ে ভারতে খেলতে গেছে বাংলাদেশ। তাই মালয়েশিয়ার সঙ্গে হারটা ছিল অনুমিত। প্রথম কোয়ার্টারে হয়নি কোনো গোল। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে লিড পাইয়ে দেন আশরাফুল ইসলাম। এরপর আরও দুটি পেনাল্টি কর্নার থেকে গোলের ভালো সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে প্রতিপক্ষ কিপারের কৃতিত্বে গোল পায়নি বাংলাদেশ। মালয়েশিয়া পিছিয়ে পড়ে ভীষণ আক্রমণাত্মক হয়ে ওঠে এবং দুর্বল প্রতিপক্ষের দুর্বল রক্ষণ তছনছ করতে শুরু করে। আগের তিন দেখায় জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে তারা ঝাঁপায় বাংলাদেশের রক্ষণে। ম্যাচের ২৫ মিনিটে আশরান হামসানির ফিল্ড গোলে সমতা পায় মালয়েশিয়া। তৃতীয় কোয়ার্টারে আখিমুল্লাহ আনোয়ারের জোরালো হিট বাংলাদেশ কিপার নুরুজ্জামান নয়নকে পরাস্ত করে। শেষ কোয়ার্টারে আরও দুই গোল করে মালয়েশিয়া। ৪৮ মিনিটে মুহাজির রউফ এবং ৫৪ মিনিটে পিসি থেকে লক্ষ্যভেদ করেন সায়েদ ছোলান।
শুরুতেই শক্ত প্রতিপক্ষের কাছে হারে ততটা হতাশ নন কোচ মশিউর রহমান বিপ্লব। দলের ব্যর্থতায় অনুশীলনের ঘাটতি দেখছেন তিনি, ‘মাত্র তো ১৪-১৫ দিনের প্রস্তুতি নিয়ে খেলতে এসেছি। প্রস্তুতির সময়টা বেশি পেলে ম্যাচটা অন্যরকম হতে পারত। বিশেষ করে শুরুর দিকে আমরা বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম। তবে ফিনিশিংটা ঠিকঠাক হয়নি বলে গোল একটার বেশি পাইনি।’ এএইচএফ কাপে রানার্স-আপ হয়ে এশিয়া কাপে নাম লিখিয়েছিল চাইনিজ তাইপে। পুলের আরেক দল দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ গোলে হেরে শুরু হয়েছে তাইপের পথচলা। আজ তাই জয়ের সর্বোচ্চ চেষ্টাই করবে বাংলাদেশ। কোচ বিপ্লব বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। ওরা ভালো বলেই এএইচএফ কাপের ফাইনাল খেলেছে। তাই অতিমাত্রায় আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ নেই। তাছাড়া এখানে আবহাওয়া ভীষণ বৈরী। খেলার সময়গুলোও খুব অদ্ভুত। আগামীকাল (আজ) যেমন আমাদের খেলা পড়েছে দুপুর ১টায়। প্রখর রৌদ্র্যের মধ্যে খেলতে হবে। তবে আমরা আশা করছি কালকের দিনটি আমাদের হবে।’
