চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী যুবলীগ নেতা মো. মিজানুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তার স্বীকারোক্তিতে একটি ওয়ান শুটার রাইফেল ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। মিজান চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।
গত শুক্রবার রাত দেড়টা থেকে গতকাল শনিবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল কর্তৃক তাদের গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশে দায়িত্বরত সেনা কর্মকর্তা ইবতিসাম জাওয়াদ দিয়াব।
জানা যায়, ২০ দিন নজরদারির পর অস্ত্র উদ্ধারে চন্দনাইশ সেনাক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় ইতিমধ্যে দুটি মামলা রয়েছে। তার দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। পরে আটক মো. মিজানুর রহমানকে চন্দনাইশ থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
