রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসায় মারিয়া আক্তার (১২) নামের এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই গৃহকর্মীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে গৃহকর্ত্রী নাসরিন সুলতানা জানান, ধানমন্ডি ৯/১ নম্বর রোডের ৩৬ নম্বর বাসায় থাকেন তিনি। মারিয়া তার বাসায় তিন মাস ধরে কাজ করে। গতকাল দুপুরে মারিয়াকে বাসায় রেখে বাজারে যান তিনি। বেলা ৩টার দিকে বাসায় ফিরে দরজা ধাক্কালে কোনো আওয়াজ পাচ্ছিলেন না। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে তিনি দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে মারিয়া। সঙ্গে সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামিয়ে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে, সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন গৃহকর্ত্রী নাসরিন সুলতানা।
কিশোরগঞ্জের তারাইল উপজেলার খালশা গ্রামের মাসুদ ইসলামের মেয়ে মারিয়া। তার নানি বকুল বেগম জানান, তারা রায়েরবাজার এলাকায় থাকেন। দুপুরে গৃহকর্ত্রীর মাধ্যমে জানতে পারেন মারিয়া গলায় ফাঁসি দিয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে মারিয়ার মরদেহ দেখতে পান তারা।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই গৃহকর্মীর গলায় দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের জন্য ধানমন্ডি থানাকে অবগত করা হয়েছে।
