মেক্সিকো জুড়ে গুমবিরোধী  বিক্ষোভ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ এএম

দেড় যুগ ধরে মেক্সিকোতে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছে। আর এ ঘটনায় মেক্সিকো জুড়ে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। মেক্সিকো সিটি, গুয়াদালাহারা, কোরদোবা এবং অন্যান্য শহরের রাস্তায় মিছিল করেছেন নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়স্বজন ও বন্ধুরা এবং মানবাধিকার কর্মীরা। দেশের বহু জোরপূর্বক গুমের ঘটনা তুলে ধরতে এবং সেগুলো মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা। বিক্ষোভকারীরা ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন এবং প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সরকারকে তাদের নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করতে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন।

মেক্সিকোতে আইনশৃঙ্খলা বাহিনী বলছে নিখোঁজের প্রায় সবকটিই ২০০৭ সালের পর থেকে ঘটেছে। ওই সময় তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপে কালদেরোন ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ শুরু করেছিলেন। অনেক ক্ষেত্রে, নিখোঁজদের মাদক সংক্রান্ত অপরাধচক্রে জোর করে অন্তর্ভুক্ত করা হয়েছে অথবা প্রতিরোধ করার কারণে হত্যা করা হয়েছে। মাদক চক্র আর অপরাধী গোষ্ঠীগুলোর পাশাপাশি সেনা-পুলিশসহ নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও খুন আর গুম করার অভিযোগ উঠেছে। যেসব শহর, অঙ্গরাজ্য ও পৌরসভায় বিক্ষোভ হয়েছে তার বিস্তৃতি দেখিয়েছে যে জোরপূর্বক গুমের সমস্যা মেক্সিকো জুড়ে  পরিবার ও সম্প্রদায়কে কতটা প্রভাবিত করেছে।

দেশটির দক্ষিণের ওয়াহাকা রাজ্য থেকে উত্তরের সোনোরা ও দুরাঙ্গো পর্যন্ত কর্মী ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা সমাবেশ করেছেন। তারা তাদের আত্মীয়দের ছবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেছেন। মেক্সিকো সিটিতে বিক্ষোভকারীদের মিছিল যানচলাচল থামিয়ে দেয়। অনেক ক্ষতিগ্রস্ত পরিবার নিজেদের অনুসন্ধানী দল গঠন করেছে। দলের নাম ‘বুসকাদোরেস’। দলটি উত্তর মেক্সিকোর মরুভূমি ও গ্রামীণ এলাকায় খোঁজ চালাচ্ছে। মেক্সিকো এমন এক স্তরের গুমের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে যা লাতিন আমেরিকার কিছু দেশের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিকেও ছাড়িয়ে গেছে। জাতিসংঘ একে ‘বৃহৎ পরিসরের এক মানবিক ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত