কেন্দ্রের দিকে এগোচ্ছে ইসরায়েলি সেনা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ এএম

তিন সপ্তাহ ধরে গাজা নগরী ঘিরে ধীরে ধীরে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। লক্ষ্য গাজা সিটির দখল নেওয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজা দখলের ঘোষণার পর থেকেই নগরীর উপকণ্ঠে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এবার তারা গাজা নগরীর কেন্দ্রের দিকে অগ্রসর হতে শুরু করেছে। গত শনিবার রাত থেকে বিমান হামলার পাশাপাশি স্থল হামলাও চালানো হয়। এতে সেখানকার বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। হামলার মুখে অনেক পরিবার এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

গাজা নগরীর উপকণ্ঠে বসবাসকারী শেখ রাদওয়ান বলেন, ইসরায়েলি ট্যাংকের গোলাবর্ষণের মুখে পড়েছে ওই এলাকা। সেখানে বিমান হামলার মধ্যেই ট্যাংক থেকেও গোলাবর্ষণ করা হচ্ছে। এতে লোকজন বাধ্য হয়ে পালিয়ে শহরের পশ্চিমাঞ্চলে চলে যাচ্ছেন। গাজা উপত্যকার ২০ লাখের বেশি মানুষের প্রায় অর্ধেকই বর্তমানে গাজা নগরীতে বসবাস করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরায়েলি হামলার মুখে এরই মধ্যে বাস্তুচ্যুত কয়েক হাজার মানুষ শহর ছাড়িয়ে দক্ষিণাঞ্চলে আশ্রয় নিয়েছেন। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা বলেছেন, নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার রবিবার গাজা নগরীর হামলা নিয়ে বৈঠক করেছে। কয়েক সপ্তাহ ধরে হামলার তীব্রতা বাড়ালেও এখনো একসঙ্গে পুরোপুরি স্থল হামলা শুরু হয়নি বলে জানান তিনি। ইসরায়েল বলছে, জনগণকে সেরে যেতে তারা সময় দিচ্ছে তারা। রেডক্রস প্রধান মিরজানা স্পোলজারিচ বলেছেন, গাজা নগরী থেকে মানুষের সরে যাওয়া একটি বিশাল জনসংখ্যা স্থানান্তর সৃষ্টি করবে, যা গাজা উপত্যকার বাইরে অন্য কোনো এলাকা সামলাতে সক্ষম নয়। খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এদিকে, গাজায় বিমান হামলায় হামাসের মুখপাত্র আবু ওবাইদাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এক্স বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ তথ্য জানান। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, শনিবারের হামলায় হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদাহ নিহত হন। ‘নিখুঁত মৃত্যুদণ্ড’ কার্যকর করার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেতকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

আইডিএফ ও শিন বেট যৌথ বিবৃতিতে বলেছে, তাদের যৌথ গোয়েন্দা তথ্যের কারণে অভিযান সম্ভব হয়েছে। হামাস অবশ্য এখনো আবু ওবাইদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তবে এর আগে তারা একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক লোক নিহত ও আহত হওয়ার তথ্য জানিয়েছিল। স্থানীয় কর্র্তৃপক্ষ জানিয়েছে, গাজা সিটির ঘনবসতিপূর্ণ আল-রিমাল এলাকায় বিমান হামলায় কমপক্ষে সাতজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত