নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল দিনভর দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর :
গাজীপুর : দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ড. আসাদুজ্জামান রিপন। প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। জেলা বিএনপির আহ্বায়ক ফজুলল হক মিলন এতে সভাপতিত্ব করেন।
বিকেলে মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বোর্ডবাজার এলাকায় শোভাযাত্রা বের করা হয়।
মাগুরা : দুপুর ১টায় শহরের ভায়না মোড়ের জেলা বিএনপি অফিস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ঢাকা রোডে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন, আহসান হাবীব কিশোর, যুগ্ম-আহ্বায়ক খান হাসান ইমামসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির আয়োজনে এ শোভাযাত্রায় সদর উপজেলার ১৩টি ইউনিয়নের নেতাকর্মীরাও অংশ নেন।
গোপালগঞ্জ : বেলা ১১টায় শহরের বড়বাজারের পৌর মার্কেটের জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান এতে সভাপতিত্ব করেন। এ সময় ভারপ্রাপ্ত সদস্য সচিব এম এ খায়ের, ডা. কে এম বাবর, তৌফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। পরে একটি শোভাযাত্রা জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়।
রাজবাড়ী : বিকেল ৫টার দিকে জেলা বিএনপির কার্যালয় হতে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আজাদী ময়দান এসে শেষ হয়। সেখান সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, সদস্য সচিব কামরুল আলম, পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।
বক্তারা বলেন অনেকেই আগামী নির্বাচন বানচাল করার জন্য গুপ্ত ষড়যন্ত্র করছেন। কিন্তু আমরা রাজপথে থেকে সেই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছি।
বাগেরহাট : সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে বাগেরহাট-খুলনা মহাসড়কের শহরের দশানী ট্রাফিক মোড়ে আলোচনা সভা হয়। এতে কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান, সদস্য ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে দশানী ট্রাফিক মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
নারায়ণগঞ্জ : সকালে পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের মিশনপাড়া মোড় থেকে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। এ ছাড়া শহরের খানপুর এলাকা থেকে শিল্পপতি মাসুদুজ্জামানের পক্ষে মহানগর বিএনপির একাংশের নেতাকর্মীরা শোভাযাত্রা বের করেন। শহরের ম-লপাড়া থেকে সাবেক সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কুড়িগ্রাম : বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঘোষপাড়ায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
নওগাঁ : দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা বিএনপির আয়োজনে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেড়ির মোড়ে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গত রবিবার রাত ১২টা ১ মিনিটে জেলা বিএনপির কার্যালয়ে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৭ পাউন্ড ওজনের কেক কাটা হয়।
জয়পুরহাট : দুপুরে শহরের সার্কিট হাউজ মাঠ থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর আগে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়ার প্রতিকৃতিত্বে পুষ্প অর্পণ করা হয়।
