খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. গোলাম কিবরিয়া নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। গত রবিবার রাত আড়াইটার দিকে রূপসা উপজেলার বাগমারা রুহুল আমিন সড়কসংলগ্ন জাহানাবাদ মাছ কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গোলাম কিবরিয়া ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার থুতনির নিচে লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।
রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ গোলাম কিবরিয়াকে গুলি করেছে। গতকাল সোমবার বিকেল ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
