বসুন্ধরা কিংসের দায়িত্ব নিতে এসে গেছেন আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ। এটাকে তিনি দেখছেন বড় দায়িত্ব হিসেবে। বাংলাদেশের ফুটবলে বসুন্ধরা কিংস এখন বড় নাম। শীর্ষ ফুটবলে আবির্ভাবের পর থেকে ছয় লিগের পাঁচটি জিতেছে তারা। তবে গত মৌসুমে হুট করে পথ হারায়। লিগে হয় তৃতীয়। সেই বসুন্ধরাকে দিশা দেখানোই ৬৮ বছর বয়সী কোচের প্রধান দায়িত্ব। সোমবার তাকে আনুষ্ঠানিক পরিচয়ও করিয়ে দিয়েছে বসুন্ধরা তাদের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে।
১৫ সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপে লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের মুখোমুখি হবে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা। গোমেজের শুরুটাও হবে শিরোপা ধরে রাখার মিশন দিয়ে। এরপর লিগ, ফেডারেশন কাপ, সুপার কাপ ও স্বাধীনতা কাপ আছে। তবে এই কোচের গভীরতা বোঝা যাবে অক্টোবর এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপপর্ব দিয়ে। ব্যস্ত মৌসুমের আগে সোমবার বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসানের অফিসে বসে বসুন্ধরা নিয়ে মুগ্ধতার কথা জানালেন গোমেজ, ‘এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। এই দলের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। খুবই শক্তিশালী দল। সবসময় চ্যাম্পিয়ন হতে চায়। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপপর্বে খেলবে এবার, যেটা খুবই গুরুত্বপূর্ণ।’ কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতায় অনেক ক্লাবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে গোমেজ চান বসুন্ধরাকে সাফল্যের পথে ফেরাতে, ‘একটা বড় ক্লাবের দায়িত্ব নিতে এখানে এসেছি। আপনি জানেন, এই ক্লাব সবসময় শিরোপা জেতার লক্ষ্যে খেলে থাকে। আমি অনেক জায়গায় কাজ করেছি। এশিয়া, ইউরোপ, লাতিন, আফ্রিকা। সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলেছি এবং এখানেও চ্যাম্পিয়ন হতে এসেছি। আমরা চেষ্টা করব সব শিরোপা জিততে।’
গোমেজ অবশ্য এখনই পুরো স্কোয়াড নিয়ে কাজ করার সুযোগ পাবেন না। চলতি প্রাক-মৌসুম ক্যাম্প থেকে দুদিন আগে ১০ ফুটবলার যোগ দিয়েছেন জাতীয় দলে। নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলে ১০ সেপ্টেম্বর তারা ফিরলেই পুরো স্কোয়াড নিয়ে শুরু হবে গোমেজের কাজ।
