ফরিদপুরের ভাঙা স্টেডিয়াম এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি পাকিস্তানি রিভলভার উদ্ধার এবং রাজধানীর যাত্রাবাড়ী থেকে চারটি গ্রেনেডসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রবিবার রাতে ভাঙা স্টেডিয়ামসংলগ্ন ‘ডা. কাজী ইউসুফ একাডেমির’ পেছনে জঙ্গলের ভেতরে ময়লারস্তূপে পরিত্যক্ত অবস্থায় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে র্যাব-১০। এর আগে যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকার ফ্যান্টাসি টাওয়ার থেকে গ্রেনেডসহ ফয়সাল খানকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার বিকেলে র্যাব-১০ এর সিনিয়র পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্র দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষারর্থে ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্ত আলামত পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে গ্রেনেডসহ গ্রেপ্তার ফয়সাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতা, জনগণের জানমাল ক্ষতি ও জনমনে ত্রাস সৃষ্টি করার উদ্দেশ্যে গ্রেনেডগুলো নিজের হেফাজতে রেখেছিলেন।
