শরীয়তপুরের সখিপুরে ডোবার পানিতে ডুবে তাহামিদ ও ইমান নামের প্রতিবেশী দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তাহামিদ নামের শিশুটির বয়স আড়াই বছর এবং ইমান নামের শিশুটির বয়স সাড়ে ৪ বছর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সখিপুর থানার উত্তর তারাবুনিয়া গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
তাহামিদ ওই এলাকার শাহআলম বেপারী ও রুজিনা বেগম দম্পতির সন্তান। আর ইমান হোসেন একই এলাকার বাদল সরকার ও সোনিয়া বেগম দম্পতির সন্তান।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে বাড়ির পাশে জমিতে খেলাধুলা করছিল শিশু দুটি। একপর্যায়ে পাশের মোড়ল আলী মাদবরের ঘরের পেছনের ডোবার কাছে চলে যায় তারা। এদিকে আশপাশে কোথাও শিশু দুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে ওই ডোবার মধ্যে তাদের লাশ ভেসে থাকতে দেখা যায়।
সখিপুর থানার উপপরিদর্শক তাজেল ইসলাম খান বলেন, ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
