দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় উদ্বিগ্ন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। তবে শিগগির এর সমাধান হবে বলে আশা করছেন তারা। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, কয়েক দিন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে, তাতে তার মন্ত্রণালয় ও তিনি অবহিত আছেন। এতে অবশ্যই শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। বিষয়টি নিয়ে তারা যথেষ্ট উদ্বিগ্ন। যেকোনো সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে। তারা আশা করছেন, শিগগির এর সমাধান হবে।
বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ও যোগাযোগ রেখেছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ধৈর্যের সঙ্গে, সহিষ্ণুতার সঙ্গে যেন সমাধান খুঁজে পাওয়া যায়, তার দিকে ধাবিত হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে। এ ধরনের পরিস্থিতি কারও জন্য কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
