আইনি জালে বানসালি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

এবার নিজেই আইনের জালে বলিউডের মহারথী পরিচালক সঞ্জয় লীলা বানসালি। রাজস্থানের বিকানেরে তার আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিংকে কেন্দ্র করে দায়ের ইহলো পুলিশি অভিযোগ। পরিচালকের বিরুদ্ধে প্রতারণা, অশোভন ব্যবহার ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছেন বিকানের বাসিন্দা প্রতীক রাজ মথুর। তার দাবি, বানসালির প্রোডাকশন টিম তাকে এই ছবির লাইন প্রডিউসার হিসেবে চুক্তিবদ্ধ করেছিল। দায়িত্ব বুঝে নিয়েই তিনি শুটিংয়ের যাবতীয় ব্যবস্থা করেছিলেন, এমনকি, সরকারি দপ্তরগুলোর সঙ্গেও যোগাযোগ করেছিলেন। কিন্তু হঠাৎই চুক্তি বাতিল করে তাকে প্রাপ্য টাকা না দিয়েই সরিয়ে দেওয়া হয় প্রকল্প থেকে। 

অভিযোগকারীর আরও দাবি, হোটেলে গিয়ে বানসালি ও তার টিমের সঙ্গে দেখা করতে গেলে, অশোভন ব্যবহার করেন তারা। বিকানের সার্কেল অফিসার বিশাল জানগিদ জানিয়েছেন, আদালতের নির্দেশে গত সোমবার বিচ্ছওয়াল থানায় এফআইআর দায়ের করা হয়েছে বানসালি ও তার দুই সহযোগী প্রযোজক অরবিন্দ গিল ও উৎকর্ষ বালির বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে আনা হয়েছে প্রতারণা, ফৌজদারি ষড়যন্ত্র, ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ। 

মামলার তদন্ত করছেন বিচ্ছওয়াল থানার এসএইচও গোবিন্দ সিং চরণ। সঞ্জয় লীলা বানসালির নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে উত্তেজনা আকাশছোঁয়া। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। রণবীর ও ভিকি এখানে ভারতীয় বিমানবাহিনীর পাইলটের চরিত্রে অভিনয় করছেন। ইতিমধ্যেই ছবির ব্যয়বহুল চূড়ান্ত সংঘর্ষ দৃশ্যের শুটিং হয়েছে রাজস্থানে। যা নাকি ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বৃহত্তম সিকোয়েন্স হিসেবে চিহ্নিত হতে চলেছে। আগামী বছর ২০ মার্চ চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত