গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি পাইকারি বাজারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে পাইকারি বাজারের বিভিন্ন পণ্যের ৩৮টি দোকান ও মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। গতকাল সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা শাপলা ম্যানশনসংলগ্ন টিনের ছাউনিযুক্ত আলু, হলুদ, মরিচ, মসলা, কসমেটিকসসহ রকমারি পণ্যের পাইকারি বাজারে আগুন লাগে। বাজারের একটি দোকান থেকে অগ্নিকা-ের সূত্রপাত হলে মুহূর্তেই আগুন পাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। একপর্যায়ে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। গাজীপুরের চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
