ভোটের আগে দেড় লাখ পুলিশ সদস্যের প্রশিক্ষণ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ এএম

পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু হচ্ছে আগামীকাল রবিবার। ইতিমধ্যে পুলিশের সবকটি ইউনিট ও জেলাগুলোতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ইউনিটপ্রধান ও জেলার এসপিদের কাছে বিশেষ বার্তাও পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানটি রাজারবাগ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম উপস্থিত থেকে উদ্বোধন করবেন। অতিরিক্ত আইজিপি ও রেঞ্জ ডিআইজিরা পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেবেন। পাশাপাশি সর্বশেষ নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা নির্বাচনের বিষয়ে পরামর্শ দেবেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (এইচআর) কাজী জিয়া উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, নির্বাচনকালীন সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতেই এ কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা দেড় লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেব। তিনি আশা করেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে ‘মাইলফলক’ হয়ে থাকবে। তিনি আরও জানান, গত তিন মাসে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শ নিয়ে নয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে।

উপমহাপরিদর্শক কাজী জিয়া উদ্দিন বলেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও অতিরিক্ত আইজিপির (এইচআর) নেতৃত্বে তৈরি প্রশিক্ষণ কোর্সটি ‘দারুণ’। আশা করছি কোর্সটি নির্বাচনের সময় যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে পুলিশ সদস্যদের প্রস্তুত করবে।

জানা গেছে, বাংলাদেশ পুলিশের দেশ জুড়ে ১৩০টি ছোট ও চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রেই নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচনী প্রশিক্ষণের অংশ হিসেবে তারা দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট এবং একটি ৯ মিনিটের ফিল্মের পাশাপাশি একটি বুকলেটও তৈরি করেছেন। গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরে মডিউল অনুযায়ী ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামীতে দেশের ১৯টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ১ হাজার ২৯২ জন মাস্টার ট্রেইনার বা ‘ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি)’ তৈরির পরিকল্পনাও রয়েছে। তারাই পরবর্তীকালে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, নির্বাচনের সময় সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য বাস্তবমুখী মহড়া প্রশিক্ষণ দেওয়া হবে সব ট্রেইনারকে। নির্বাচনকালীন সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতেই এ কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে দুয়েক দিনের মধ্যে রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠানের আয়োজন করবে পুলিশ সদর দপ্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত