জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন না নরেন্দ্র মোদি!

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম

জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দিচ্ছেন না। এ বছর তার পরিবর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর দেশটির পক্ষে প্রতিনিধিত্ব করবেন। 

আগামী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের এই অধিবেশন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতিসংঘের পক্ষ থেকে বক্তাদের একটি হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, এবার ভারতের পক্ষ থেকে ‘মন্ত্রীরা’ বক্তব্য রাখবেন। তালিকা অনুযায়ী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ২৭ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন।

এর আগে প্রকাশিত প্রাথমিক তালিকায় ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য রাখার কথা উল্লেখ ছিল। অন্যদিকে, বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা ২৬ সেপ্টেম্বর তাদের বক্তব্য রাখবেন বলে তালিকায় রয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু এর কয়েক মাসের মধ্যেই দুই নেতার সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়। ভারত কর্তৃক রাশিয়া থেকে জ্বালানি কেনার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। যা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ করে।

তবে জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তাদের তালিকা সাধারণত অস্থায়ীভাবে প্রকাশ করা হয় এবং যেকোনো সময় এতে পরিবর্তন হতে পারে। অধিবেশন শুরুর আগ পর্যন্ত এই তালিকা হালনাগাদ হতে থাকবে।

এবারের অধিবেশনের সূচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এরপর বক্তব্য রাখবেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

এদিকে, এবারের অধিবেশনে ফ্রান্স, কানাডা, বেলজিয়ামসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে তাদের এই স্বীকৃতিকে ব্যাহত করতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যুক্তরাষ্ট্র ভিসা বাতিল করেছে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত