যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনের বিক্ষোভ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর পক্ষে লন্ডনে আয়োজিত এক বিক্ষোভ থেকে প্রায় ৪২৫ জনকে আটক করেছে ব্রিটিশ পুলিশ। স্থানীয় সময় গত শনিবার এ বিক্ষোভের আয়োজন করে ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপ। তারা জানিয়েছে, যুক্তরাজ্যের পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেয়। গত জুলাইয়ে সংগঠনটির কয়েকজন সদস্য রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটিতে ঢুকে সামরিক বিমানে ভাঙচুর চালালে, ব্রিটেন সন্ত্রাসবিরোধী আইনে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়। সংগঠনটির অভিযোগ, প্রতিরক্ষা খাতে ইসরায়েল-সম্পৃক্ত ব্রিটিশ কোম্পানিগুলোর মাধ্যমে ব্রিটিশ সরকার গাজায় যুদ্ধাপরাধে সহযোগিতা করছে। গত কয়েক সপ্তাহে সংগঠনটির শত শত সমর্থককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গত মাসে এক দিনেই ৫০০ জনের বেশি আটক হয়, যাদের অনেকে ছিলেন ষাটোর্ধ্ব। শনিবার পার্লামেন্ট ভবনের কাছে সমাবেশে শত শত মানুষ ‘আমি গণহত্যার বিরোধী, আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিভিন্ন অভিযোগে আটককৃতদের মধ্যে অনেকে পুলিশকে আক্রমণ, কর্মকর্তাদের ঘুসি ও লাথি মারা, থুতু নিক্ষেপ এবং জিনিসপত্র ছোড়ার মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। প্যালেস্টাইন অ্যাকশনের নিষেধাজ্ঞার ফলে সংগঠনটি এখন আল-কায়েদা ও আইএসের মতো তালিকাভুক্ত সন্ত্রাসী গোষ্ঠীর সমপর্যায়ে এসেছে। ফলে সংগঠনটিকে সমর্থন বা এর সদস্য হওয়া অপরাধ হিসেবে গণ্য হবে এবং সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ১০০ জনের বেশি ব্যক্তি শুধু সংগঠনটির প্রতি সমর্থন প্রদর্শনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তবে ব্রিটিশ পুলিশ আগেই সতর্ক করেছিল, বিক্ষোভে কেউ সংগঠনের পক্ষে অবস্থান নিলে তাকে গ্রেপ্তার করা হবে। ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও বাগ্বিতণ্ডার পাশাপাশি বিক্ষোভকারীরা পানি ও প্লাস্টিকের বোতল ছুড়েছে। এ সময় লাঠিপেটায় আহত হয়ে একজনের মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। ভিড়ের চাপেও কয়েকজন মাটিতে পড়ে যান।

মানবাধিকার সংগঠনগুলো এ নিষেধাজ্ঞাকে ‘অতিরিক্ত পদক্ষেপ’ আখ্যা দিয়ে সমালোচনা করেছে। তাদের মতে, এটি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত