হাইকোর্টে জামিন পেলেন সেই ডিসি সুলতানা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ এএম

সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে নির্যাতনের মামলায় হাইকোর্টে অন্তর্বর্তী সময় জামিন পেয়েছেন কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন। আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ জামিনের এ আদেশ দেয়।

এর আগে গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আরজি জানালে আদালত আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এরপর জামিন পেতে হাইকোর্টে আবেদন করেন সুলতানা পারভীন। গত সোমবার জামিনের আবেদনের ওপর শুনানি শেষ হয়। আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী। আরিফুল ইসলাম রিগ্যানের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতানা আক্তার রুবী দেশ রূপান্তরকে বলেন, ‘সুলতানা পারভীনকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।’ 

২০২০ সালের ১৩ মার্চ রাতে আরিফুল ইসলাম রিগ্যানের বাসায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে আরিফুলকে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। তাকে চোখ বেঁধে তুলে নিয়ে নির্যাতন ও ‘বন্দুকযুদ্ধে’ হত্যার হুমকি দেওয়া হয়। পরে আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাৎক্ষণিক এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় তখনকার ডিসি সুলতানাসহ তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। ব্যাপক সমালোচনার মুখে আরিফুল ইসলাম জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর আরিফুল ইসলাম এ মামলাটি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত