আর্জেন্টিনা-ব্রাজিলের হার, প্লে-অফে বলিভিয়া

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম

বিশ্বের অন্যতম উঁচু একটি দেশ বলিভিয়া। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উচ্চতায় কোনো দলই খেলতে স্বচ্ছন্দ্যবোধ করে না। এল আলতোর কঠিন পরিবেশের এই সুবিধা কাজে লাগিয়ে বাঁচা-মরার ম্যাচে দারুণ এক জয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বলিভিয়া। পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত থাকা কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিলকে তারা হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে। এতে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে সপ্তম হয়ে আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলার সুযোগ নিশ্চিত করেছে তারা। তাতে কপাল পুড়েছে ভেনেজুয়েলার। অবশ্য ঘরের মাঠে শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে ৬-৩ গোলে হেরে যাওয়াটাই কাল হয়েছে তাদের। বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ভেনেজুয়েলাকে। আর মেসিহীন আর্জেন্টিনাও ছন্নছাড়া ফুটবল খেলে বাছাইপর্বের যাত্রা শেষ করেছে ইকুয়েডরের কাছে ১-০ গোলের হার দিয়ে।

বুধবার ভোরের ম্যাচে বলিভিয়া পুরোটা সময় আধিপত্য দেখায়। ৪২ শতাংশ সময় বল দখলে রেখেও তারা গোলের জন্য নিয়েছে ২৩টি শট, এর মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে ব্রাজিলের বল দখল বেশি থাকলেও ১০ শটের মাত্র ৩টি ছিল টার্গেটে। কার্লো আনচেলত্তির ব্রাজিল খেলতে পারেনি নিজেদের স্বাভাবিক ফুটবল। এল আলতোর উচ্চতার কারণে ধীরগতি ও ধারহীন দেখিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। শুরুতে একাধিক সুযোগ পেলেও ব্রাজিলকে ভাঙতে সময় লেগেছে বলিভিয়ার। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন মিগুয়েল তারসেরোস। ব্রুনো গুইমারায়েসের ফাউলে পেনাল্টি আদায় করে নেন রবের্তো ফার্নান্দেস। ব্রাজিল গোলরক্ষক আলিসন সঠিক দিকে ঝাঁপালেও গোল ঠেকাতে পারেননি। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালায় বলিভিয়া। আলিসনের একাধিক দুর্দান্ত সেভে ব্যবধান আর বাড়েনি। শেষ মুহূর্তে চাপ সামলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের এতটা করুণ অবস্থা কখনো ছিল না। এটাই ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে বাজে পারফরম্যান্স। বলিভিয়ার কাছে হেরে পঞ্চম স্থানে থেকে শেষ করেছে তারা। এই প্রথমবার ব্রাজিল শীর্ষ তিন এর বাইরে থেকে বাছাইপর্ব শেষ করল।  তবে আনচেলত্তি বলেন, ‘আজকের ম্যাচটি টেকনিক্যাল ও শারীরিক দিক দুই দিক দিয়েই কঠিন ছিল। আমরা পরবর্তী ম্যাচগুলোর জন্য ভালোভাবে প্রস্তুতি নেব এবং সেরা ফর্মেই বিশ্বকাপ খেলতে নামব।’ এ জয়ে বিশ্বকাপ খেলার আশা বাঁচিয়ে রাখল বলিভিয়া। আগামী মার্চে ছয় দলের আন্তঃমহাদেশীয় প্লে-অফ টুর্নামেন্ট থেকে নির্ধারিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের শেষ দুটি দল।

আগামী মার্চে ছয় দল নিয়ে হতে যাওয়া ওই একই আন্তঃমহাদেশীয় প্লে-অফ টুর্নামেন্ট খেলার যে স্বপ্ন দেখছিল ভেনেজুয়েলা, তা ভেঙে দিয়েছে কলম্বিয়া। দুইবার এগিয়েও শেষ পর্যন্ত ৬-৩ গোলে হেরেছে তারা। মূলত লুইস সুয়ারেজের ডাবল হ্যাটট্রিকে শেষ হয়ে যায় ভেনেজুয়েলার আশা। দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে একাই ৪ গোল করেন সুয়ারেজ। কলম্বিয়ার হয়ে বাকি দুই গোল করেন ইয়েরি মিনা (১০ মিনিটে) ও জন করদোবা (৭৫ মিনিটে)। তাতেই ভেনেজুয়েলার জন্য দিনটি রূপ নেয় দুঃস্বপ্নে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বও শেষ হয় নাটকীয়ভাবে। এই ম্যাচের আগে ১৭ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলার পেছনেই ছিল বলিভিয়া। কিন্তু ব্রাজিলকে হারিয়ে পাওয়া তিন পয়েন্ট তাদের তুলে নিয়ে আসে টেবিলের সাতে। আর ১৮ পয়েন্ট নিয়ে আটে থেকে শেষ হয় ভেনেজুয়েলার যাত্রা।

নিজেদের শেষ ম্যাচে হেরে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। লিওনেল মেসিকে ছাড়া মাঠে নেমে ইকুয়েডরের কাছে তারা হেরেছে ১-০ ব্যবধানে। মেসি, রোমেরো ছাড়াও শুরুর একাদশে আরও কয়েকটি পরিবর্তন আনেন লিওনেল স্কালোনি। হয়তো এত পরিবর্তনের প্রভাবেই প্রায় পুরোটা সময় ভুগতে দেখা যায় আর্জেন্টিনাকে। লিওনেল মেসির অনুপস্থিতি তার ১০ নম্বর জার্সি দেওয়া হয় তরুণ ফ্রাঙ্কো মাসতানতুয়োনোকে। কিটোয় অনুষ্ঠিত ম্যাচটির প্রথম ১৫ মিনিটেই গোলের জন্য পাঁচটি শট নেয় ইকুয়েডর, যার দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল সফরকারীরা। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে একটি বিতর্কিত পেনাল্টি থেকে গোল করেন ইকুয়েডরের অভিজ্ঞ স্ট্রাইকার এনার ভ্যালেন্সিয়া। এর আগে ৩০ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দি। দ্বিতীয়ার্ধে ইকুয়েডরও ১০ জনের দলে পরিণত হয় মোইসেস কাইসেডোর বহিষ্কারের কারণে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘১০ জন নিয়েও আমরা লড়েছি। আরও কিছু করা যেত, কিন্তু ছেলেরা চেষ্টা করেছে। আমরা সৌভাগ্যক্রমে জিততে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু সবসময় জেতা সম্ভব নয়। প্রতিপক্ষ যখন ভালো খেলে, তখন কষ্ট করতেই হয়।’ এই হারে অবশ্য পয়েন্ট টেবিলে আলবিসেলেস্তেদের কোনো সমস্যা হয়নি। আগেই নিশ্চিত হওয়া ছয়টি সরাসরি বিশ্বকাপের টিকিট গেছে আর্জেন্টিনা (৩৮), ইকুয়েডর (২৯), কলম্বিয়া (২৮), উরুগুয়ে (২৮), ব্রাজিল (২৮) ও প্যারাগুয়ের (২৮) ঝুলিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত