স্বাস্থ্য খাতের দুর্নীতির অভিযোগে মোতাজ্জরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে সংঘটিত অর্থ আত্মসাৎ ও অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, মিঠুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা রয়েছে। দুদকের দাবির প্রেক্ষিতে গত বুধবার রাতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দুদকে হস্তান্তর করা হয়।
দুদকের তথ্যমতে, মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। সেখানে তাকে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সংস্থাটির উপপরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বাধীন একটি টিম মিঠুকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করা হয়। আদালতে মিঠুকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দুদকের একজন কর্মকর্তা বলেছেন, মিঠুকে দুদকের প্রধান কার্যালয়ে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদকালে তিনি সম্পদ অর্জনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন বিধায় আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আগামী ১৮ সেপ্টেম্বর মামলার শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন রিমান্ডের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এদিকে, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মোতাজ্জরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে গতকাল মামলা করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে দুদকের ঢাকা জেলা কার্যালয়ে মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, ঠিকাদার মিঠু লেক্সিকোন মার্চেন্ডাইস অ্যান্ড টেকনোক্র্যাটের মালিক। দুদকের অনুসন্ধানে তার স্থাবর ও অস্থাবর মিলিয়ে ৭৫ কোটি ৮৫ লাখ ৩১ হাজার ৭৩৮ টাকার সম্পদ পাওয়া যায়। এ ছাড়া তার পারিবারিক ব্যয় ৭১ কোটি ৪৫ লাখ ১৪ হাজার ৪৩৪ টাকা। মিঠুর পারিবারিক ব্যয়সহ মোট ১৪৭ কোটি ৩০ লাখ ৪৬ হাজার ১৭২ টাকা অর্জনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৭১ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৭৩৫ টাকা অর্জনের গ্রহণযোগ্য উৎস পাওয়া যায়। বাকি ৭৫ কোটি ৮০ লাখ ৭৭ হাজার ৪৩৭ টাকা অর্জনের গ্রহণযোগ্য কোনো উৎস পাওয়া যায়নি। যা তিনি অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্জন করার অপরাধে একটি মামলা করা হয়।
