রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গতকাল শুক্রবার রাজধানীর বাংলামোটর এলাকায় ঝটিকা মিছিল থেকে সাতজনকে গ্রেপ্তার হয়েছে। সেই সঙ্গে মিছিলের প্রস্তুতির সময় গুলশান থেকে পাঁচজন এবং দারুসসালাম থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে মিরপুরে আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে সারা দেশে ২৪ ঘণ্টায় ১ হাজার ৮০৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল পুলিশ সদর দপ্তর এ তথ্য জানায়। এর মধ্যে ১ হাজার ২৮১ জনকে মামলা ও পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দেশে তৈরি একটি একনলা বন্দুক, একটি ওয়ান স্যুটার গান, একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রাবার কার্তুজ ও চারটি বার্মিজ চাকু।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিএমপির রমনা ও গুলশান থানা-পুলিশ গতকাল ১২ জনকে গ্রেপ্তার করেছে। আর বৃহস্পতিবার দারুসসালাম থানা-পুলিশ ১২ এবং মিরপুর থানা-পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
দারুসসালাম থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টেকনিক্যাল মোড়ে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ১২ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন, নটোরের বড় বড়াইগ্রাম যুবলীগের সদস্য আল আমিন, আওয়ামী লীগের সদস্য আক্কাস মিয়া, চাঁদপুর সদরের ১২ নম্বর চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক সোহাগ মাঝি, আওয়ামী লীগের সদস্য নেছার মিয়া, ইউসুফ আলী, ফারুক হোসেন, মকবুল মৃধা, মানিক মিয়া, মো. শাহীন, মো. নাঈম, এমদাদুল হক ও আব্দুল আলীম।
অন্যদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনার সুজানগর পৌর যুবলীগের সভাপতি ও সুজানগর উপজেলা ছাত্রলীগের ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, চট্টগ্রাম মহানগরের এজিএস ইসলামিয়া কলেজ ছাত্রলীগের কর্মী আল নোমান সাইফ, চট্টগ্রাম জেলা যুবলীগের কর্মী মো. জুলহাস, ছাত্রলীগের কর্মী ইমন হোসেন খান মানিক, আওয়ামী লীগের কর্মী সাগর হোসেন ও ওহিদুল ইসলাম সুমন। মিরপুর থানা জানায়, গ্রেপ্তারকৃতরা বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টারের সামনে জড়ো হয়। তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল।
