বিষ দিয়ে সাবেক এমপির দীঘির মাছ মারল কারা?

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ব্যক্তিগত দীঘিতে বিষ প্রয়োগ করে হাজারো মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের সান্যালপাড়া এলাকায় সাবেক সংসদ সদস্য নাটোর-১ (লালপুর ,বাগাতিপাড়া) শহিদুল ইসলাম বকুরে দিঘিতে এ ঘটনা ঘটেছে। প্রায় ১০ বিঘার ওপর বিস্তৃত দীঘিতে রুই, কাতলা, মৃগেল, সিলভার, টেংরাসহ নানা প্রজাতির প্রায় তিন হাজার মাছ চাষ হচ্ছিল।

স্থানীয় সূত্রে জানায়, ভোর থেকেই দীঘির পানিতে মাছ ভেসে উঠতে দেখা যায়। প্রথমদিকে ধারণা করা হয় পানিতে গ্যাস জমে এমনটি ঘটছে। কিন্তু সময়ের সাথে সাথে ব্যাপক হারে মাছ মারা যেতে থাকায় মাছ মারা যাওয়ার কারণ স্পষ্ট হওয়ায় তারা নিশ্চিত হন যে, কেউ পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করেছে।

ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের সান্যালপাড়া এলাকার গ্রাম পুলিশ আকরাম হোসেন বাবু বলেন, গতকাল সন্ধ্যায়ও মাছগুলো স্বাভাবিক ছিল। সকালে হঠাৎ খবর পাই, এসে দেখি মাছ মারা যাচ্ছে। এর আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি।তিনি মনে করেন  শত্রুতাবশত কেউ এই কাজ করেছে।

স্থানীয় বাসিন্দা মোয়াজ্জেম আলী (৪৫) বলেন, সকালের পর থেকেই একে একে সব মাছ মরে ভেসে উঠতে থাকে। এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। এর পেছনে নিশ্চয়ই শত্রুতা আছে।

ঘটনার পার্শ্ববর্তী এলাকার ওয়ার্ড কমিশনার মহাসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত সাপেক্ষে দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। কেউ শত্রুতা করে এই ঘটনা ঘটিয়েছে। এতে পুকুর মালিকের প্রায় ১২ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি ধারণা করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, উপজেলা পর্যায়ে মৎস মারা যাওয়ার বিষয়ে চিহ্নিতকরণে কারিগরিভাবে তাদের কোনও সুযোগ নেই। সাধারণত গ্যাস ট্যাবলেট পানিতে দিলে এ ধরণের ঘটনা ঘটে থাকে।

এ বিষয়ে সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে থানায় কেও লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত