কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ এএম

ঢাকার কেরানীগঞ্জে দিনদুপুরে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. সাগীর। তিনি রাজধানীর ইসলামপুরে চাকরি করতেন। প্রায় চার মাস আগে স্ত্রী ও এক সন্তান নিয়ে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় উঠেছিলেন।

নিহতের স্ত্রী টিনা জানান, সকালে সাগির দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে তিনি খবর পান পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করে সাগিরকে হত্যা করে ফেলে রেখেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আকতার হোসেন বলেন, এ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন উত্তর পাড়া গ্রামে ছোট ভাই আলাউদ্দিন শেখের হাতে খুন হয়েছে বড় ভাই সালাউদ্দিন শেখ (৩০)। গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত সালাউদ্দিন শেখ একই গ্রামের জাহাজান শেখের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাঁটি ও কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে ছোট ভাই আলাউদ্দিন বড় ভাই সালাউদ্দিনকে মাছ কাটা বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে বড় ভাই সালাউদ্দিনের মৃত্যু হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী রোকেয়া বেগমকে (৪৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী জহির উদ্দিন (৫৫)। গতকাল বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। অন্যদিকে সদর উপজেলার দাদরা জিন্তগ্রামের নয়ন নামে এক পুরোহিতের মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি দিনাজপুরের ফুলবাড়ি এলাকার নারায়ণের ছেলে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার রাত ৮টার পর এক দোকান থেকে চা-পান খেয়ে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন নয়ন। এ সময় তিনি বলতে থাকেন ‘আমাকে কি খাওয়াল’। পরে দ্রুত তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে জয়পুরহাট থানার ওসি তামবীরুল ইসলাম জানান, সদরের তাজপুর এলাকা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। এ ছাড়া দাদরা জিন্তগ্রামের পুরোহিত নয়নের মরদেহের ময়নাতদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত