মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে দুটি বেসরকারি স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। স্থানীয় সংবাদমাধ্যম ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) জানিয়েছে, রাতে শিক্ষার্থীরা যখন ঘুমিয়ে ছিল তখন একটি সামরিক বিমান দুটি ৫০০ পাউন্ড ওজনের বোমা নিক্ষেপ করে। এএ-র মুখপাত্র খাইং থুখা বলেন, একটি যুদ্ধবিমান থায়েৎ থাপিন গ্রামের দুটি আলাদা উচ্চমাধ্যমিক স্কুলে বোমা ফেলেছে। অঞ্চলটিতে ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
রাখাইনে ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী ওয়াই হুন আং বলেন, নিহতরা ওই স্কুলগুলোর হোস্টেলে থাকা শিক্ষার্থী ছিলেন। সেখানে ৩০ থেকে ৪০ জন আবাসিক শিক্ষার্থী ছিল। এ হামলায় আশপাশের অন্তত ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে ২১ জন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। স্থানীয় সংবাদমাধ্যমগুলো ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত ভবনের ছবি ও ভিডিও প্রকাশ করেছে।
