এসপি পদায়নের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ এএম

ডিএমপির মিরপুর জোনের ডিসি গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে পদায়নের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে চুয়াডাঙ্গাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন জামায়াতে ইসলামী, এনসিপি ও এবি পার্টির নেতাকর্মীরা।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, সম্প্রতি চুয়াডাঙ্গায় পদায়ন করা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত। তিনি পাবনা ও ঢাকায় চাকরিরত অবস্থায় সাধারণ মানুষের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছেন। এমনকি জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালান বলেও অভিযোগ রয়েছে। এমন একজন পুলিশ অফিসারকে চুয়াডাঙ্গার মানুষ মেনে  নেবে না। তারা কোনো ফ্যাসিস্ট চায় না, মানবিক পুলিশ সুপার চায়। অনতিবিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।

গত ১১ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে ডিএমপির মিরপুর জোনের ডিসি গৌতম কুমার বিশ্বাসকে পুলিশ সুপার হিসেবে চুয়াডাঙ্গায় পদায়ন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, এবি পার্টির সভাপতি আলমগীর হোসেন, এনসিপির যুগ্ম সমন্বয়কারী সমির হোসেন, রফিউল কাদির ও সুমন রেজা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত