গাজীপুরে সড়ক বেহাল দুর্ভোগে নগরবাসী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ এএম

গাজীপুর মহানগরীর জনগুরুত্বপূর্ণ একটি সড়ক সংস্কারের অভাবে বেহাল দশার সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পশ্চিম পাশ দিয়ে ঢাকা-জয়দেবপুর সড়ক থেকে যোগীতলা হয়ে ঢাকা-বাইপাস সড়কের সঙ্গে যুক্ত ব্যস্ততম তিন ‘সড়ক’ রাস্তাটি দীর্ঘদিন ধরে ভেঙেচুরে একাকার হয়ে গেছে। সংস্কার না করায় প্রতিদিন সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সড়কটি এক বছরের বেশি সময় ধরে প্রায় এক কিলোমিটার রাস্তা খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও বৃষ্টির পানি জমে থাকায় প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

ঢাকা-জয়দেবপুর প্রধান সড়কটি যানজট ও ব্যস্ত থাকায় ঢাকা যাওয়ার জন্য বিকল্প রাস্তা হিসেবে দ্রুত যাতায়াতের জন্য যোগীতলা হয়ে তিন সড়ক দিয়ে প্রতিদিন শত শত গাড়ি ও হাজার হাজার মানুষ চলাচল করেন। এটি গাজীপুর শহরের সঙ্গে ঢাকা জয়দেবপুর, বোর্ড বাজার, টঙ্গী, ঢাকা-বাইপাস, ধীরাশ্রম, সামান্তপুর, তৎপাড়া, ছোট দেওড়া, জাঝড়সহ আশপাশের প্রায় ১৫/২০টি বিভিন্ন এলাকার সংযোগ সড়ক। কিন্তু দীর্ঘ সময় ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় এর বেশিরভাগ অংশই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে চলাচলকারী বাস, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে। বড় বড় যানহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে।

স্থানীয়দের দাবি, তারা একাধিকবার গাজীপুর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে মৌখিক ও লিখিতভাবে রাস্তাটি মেরামতের দাবি জানিয়েছেন। কিন্তু প্রতিবারই আশ্বাস ছাড়া কোনো বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

স্থানীয় বাসিন্দা ইকবাল হাসান জানান, সড়কের এই অবস্থার কারণে ছিনতাই, চুরি এবং ডাকাতিরও ঘটনা ঘটে থাকে তাই ভয়ে এই রাস্তা দিয়ে কেউ আসতেও চায় না।

এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী লেহাজ উদ্দিন বলেন, ঢাকা-জয়দেবপুর তিন সড়ক ভাঙাচোরা রাস্তাটি সম্পর্কে আমরা অবগত আছি। এই রাস্তাটির জিডিপি টেন্ডার দেওয়া আছে এটা পাস হলেই আমরা কাজ ধরব।

পার্শবর্তী ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খায়রুল আলম বিএসসি বলেন, শহরের মেইন রাস্তাটি ব্যস্ত থাকায় তিন সড়কটি শাখা রাস্তা হিসেবে ব্যবহার করা হয়। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের ভাঙাচোরা খানাখন্দ অবস্থা নাগরিকদের চলাচলের জন্য অনেক অসুবিধা হচ্ছে। তাই সংশ্লিষ্টদের দ্রুত কাজ করার জন্য দাবি জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত