বিশ্বের স্থলভাগে যতগুলো উত্তোলনযোগ্য গ্যাস ও তেলের খনির সন্ধান পাওয়া গেছে, সেগুলোর মজুদ দ্রুত হারে কমছে। জাতিসংঘের জ্বালানি সম্পদ পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাজেন্সি (আইইএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আইএএ বলছে, বিশ্বের স্থলভাগে বর্তমানে ১৫ হাজার জ্বালানি তেল ও গ্যাসের খনি আছে। বছরের পর বছর ধরে এই খনিগুলো থেকে জ্বালানি সম্পদ উত্তোলনের ফলে এসব খনির ৯০ ভাগের মজুদ দ্রুত হারে কমছে। অদূর ভবিষ্যতে এসব খনির মজুদ পুরোপুরি শেষ হয়ে যাবে। মজুদ কমতে থাকায় প্রতিদিন গড়ে ৫৫ লাখ ব্যারেল জ্বালানি তেল এবং ১৮ হাজার থেকে ২৭ হাজার কোটি কিউবিক মিটার গ্যাস কম উত্তোলন হচ্ছে।
আইএ-এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেছেন, বিশ্ব এখনো অনেকাংশে তেল এবং গ্যাসের ওপর নির্ভরশীল। স্থলভাগের খনির মজুদ ফুরিয়ে গেলে জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দেবে। কারণ সমুদ্রের তলদেশে খনির অনুসন্ধান সময় ও ব্যয়সাপেক্ষ। আর নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনেও বিশ্ব এখন পর্যন্ত কাক্সিক্ষত পর্যায়ে যেতে পারেনি।
