রাজশাহীতে প্রিপেইড মিটার বাতিলের দাবি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ এএম

রাজশাহীতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃক ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে তিন দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সচেতন নাগরিক সমাজের ব্যানারে গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর হেতেম খা এলাকায় নেসকো কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

তাদের দাবিগুলো হলো ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করতে হবে, ৫০-৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের একই স্বল্পমূল্য নির্ধারণ করতে হবে এবং গ্রাহকদের কাছ থেকে নেওয়া ডিমান্ড চার্জ বাতিল করতে হবে।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই তিন দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।

মানববন্ধন শেষে আয়োজকদের একটি প্রতিনিধিদল নেসকো কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন। কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, বিএনপির বোয়ালিয়া পশ্চিম থানার আহ্বায়ক শামসুল হোসেন মিলু, ক্যাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত