গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদেরসহ ১৮ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের পর ডিএমপির রমনা থানায় এই আবেদন করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাট মাঝি।
রমনা থানার ওসি গোলাম ফারুক জানান, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাটি রমনা থানা এলাকায় সংঘটিত হয়নি। তবুও মামলার আবেদনটি গ্রহণ করা হয়েছে। আবেদনটি পর্যালোচনা করা হচ্ছে এবং ঘটনাস্থলের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ছাড়া, আবেদনটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। সব দিক পর্যালোচনার পর পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা যায়, গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় দুই দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার পর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতা-কর্মীদের লাঠিপেটা করেন। এ সময় দলের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন।
ওই ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেছিল। কিন্তু বারবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতা-কর্মী তা উপেক্ষা করে মব সন্ত্রাসের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন।
