আলাপ-আলোচনার মাধ্যমে ঐক্য স্থাপন করে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, রাজনৈতিক পরিস্থিতি যেন কোনোভাবে অস্থিতিশীল না হয় এবং জনগণের আকাক্সক্ষা অনুযায়ী সংস্কার কার্যকর হয়, সে লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও বেশি ঐক্য প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের এক সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আলোচনায় নেতারা উল্লেখ করেন, বিভিন্ন মতপার্থক্য থাকলেও ইতিমধ্যে বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে উঠেছে। ফলে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব।
সভায় সিদ্ধান্ত হয়, গণতন্ত্র মঞ্চ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে এবং সমঝোতায় পৌঁছানোর জন্য উদ্যোগ গ্রহণ করবে।
নেতারা বলেন, দেশের জনগণ এখন একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের প্রত্যাশায় রয়েছে এবং তা বাস্তবায়ন করা রাজনৈতিক দলগুলোর প্রধান দায়িত্ব হওয়া উচিত।
