একটাই ম্যাচ। তাতেই নির্ধারিত হয় চ্যাম্পিয়ন। গত মৌসুম থেকে ঘরোয়া ফুটবলে যুক্ত হয়েছে চ্যালেঞ্জ কাপ। গত বছর জুলাই-আগস্ট শহীদদের স্মরণে এই ম্যাচ দিয়ে এবারও শুরু হচ্ছে ঘরোয়া মৌসুম। মর্যাদার লড়াইয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগজয়ী মোহামেডান খেলবে ফেডারেশন কাপজয়ী বসুন্ধরা কিংসের। গতবারও এই দুই দল মুখোমুখি হয়েছিল। বসুন্ধরা কিংস অ্যারেনায় সেবার শিরোপা জিতেছিল বসুন্ধরা। এবারের লড়াইটা হবে কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। এ উপলক্ষে বুধবার বাফুফে ভবনে দুদলের কোচ-খেলোয়াড়রা জানিয়েছেন শিরোপা লক্ষ্যের কথা।
এই ম্যাচের মধ্য দিয়ে বোঝা যাবে প্রাক-মৌসুম প্রস্তুতিতে কারা এগিয়ে। আন্তর্জাতিক ব্যস্ততা থাকায় মোহামেডানের বেশ কিছুদিন আগে প্রাক-মৌসুম শুরু করেছিল বসুন্ধরা। তারা এএফসি চ্যালেঞ্জ লিগে প্রিলিমিনারি রাউন্ড উতরে নাম লিখিয়েছে গ্রুপ পর্বে। দোয়ায় গিয়ে তারা হারিয়েছে সিরিয়ান জায়ান্ট আল-কারামাহ এফসিকে। সফল অভিযান শেষে দেশে ফেরার পর দলটির বেশিরভাগ ফুটবলারকে যোগ দিতে হয়েছিল দেশের দায়িত্বে। সিনিয়র জাতীয় দলের সঙ্গে ১০ জন যান নেপালে খেলতে। আর ছয়জনকে খেলতে হয়েছে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে। সুবাদে ম্যাচ ফিটনেসের দিক দিয়ে কিছুটা এগিয়ে তারা। তাছাড়া দলটিকে এগিয়ে নিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ। ইতালির সিরি আ’র ক্লাব ইন্তার মিলান, ভ্যালেন্সিয়ার মতো দলে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বসুন্ধরার দায়িত্ব নিয়েছেন গোমেজ। গতবার লিগ শিরোপা হাতছাড়া করা বসুন্ধরাকে সব শিরোপা জেতানোর লক্ষ্যেই এসেছেন তিনি। সাফল্য মিশনের শুরুটা করতে চান চ্যালেঞ্জ কাপ দিয়ে, ‘প্রস্তুতি ভালো। কোনো সমস্যা নেই। আমাদের ছেলেরা জাতীয় দলে খেলার মধ্যে ছিল। রবিবার থেকে আমরা সবাইকে নিয়ে অনুশীলন করেছি। শুক্রবারের ম্যাচ নিয়ে আমরা প্রস্তুত। এই ম্যাচ নিয়ে একটাই কথা যদি তুমি জিতে যাও, তুমি সেরা, না জিতলে সেরা নও।’
বসুন্ধরায় টানা পঞ্চম মৌসুমের মতো খেলবেন দেশসেরা সেন্টার ব্যাক তপু বর্মণ। নিজেদের প্রস্তুতি আর লক্ষ্যের কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘গত বছর চ্যালেঞ্জ কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার সবচেয়ে বড় কথা দলে কোনো চোট নেই। সবাই ভালো আছে। কোচ আমাদের যে নির্দেশনা দিয়েছে আমরা সে অনুযায়ী কাজ করছি। আমাদের প্রাক-মৌসুমের প্রস্তুতির কথা যদি বলেন, সেদিক থেকে বলব, আমরা সেটা করেছি। এছাড়া আমাদের খেলোয়াড়রা জাতীয় দলে ছিল, অনূর্ধ্ব-২৩ দলে ছিল, এর আগে আমরা চ্যালেঞ্জ লিগ খেলেছি, ম্যাচ ফিটনেস বা কম্বিনেশনের দিক থেকে যদি বলেন, আমরা এগিয়ে আছি। তবে কঠিন ম্যাচ হবে। একটাই ফাইনাল, জিততেই হবে। আমরা সেই মানসিকতা নিয়ে খেলতে নামব।’
মোহামেডান গত মৌসুমে লিগ জিতলেও সেরা দল গড়তে পারেনি ক্লাবের অর্থ ও নেতৃত্ব সংকটে। তারপরও সফল কোচ আলফাজ আহমেদ দল গড়ে কিছুদিন আগে থেকে শুরু করেন অনুশীলন। প্রস্তুতির ঘাটতির কথা বললেন আলফাজ নিজেই, ‘যেহেতু চ্যাম্পিয়নশিপের লড়াই, তবে আমি দলটা পেয়েছি অল্প কিছুদিন। তারপরও আত্মবিশ্বাস আছে যে, ফাইনালে আমরা শিরোপার জন্যই খেলব। বসুন্ধরাকে সম্মান দিতে হবে, তারা আমাদের চেয়ে ভালো দল। গত পাঁচ-ছয় মৌসুম তারা সবসময় আমাদের চেয়ে ভালো দল গড়ে। বাংলাদেশে তারা উঁচুমানের কোচ আনে। এই কোচও ভালো, হাই-প্রোফাইলের।’
এ মৌসুমে মোহামেডানের নেতৃত্ব দেবেন জাতীয় দলের ডিফেন্ডার মেহেদী হাসান মিঠু। তিনি বলেন, ‘আমাদের এই ম্যাচের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গতবার আমরা বসুন্ধরার কাছে হেরেছি। এবার আমরা চাই শিরোপা ফিরে পেতে। মোহামেডানের নেতৃত্বের একটা চাপ থাকবেই। আমি অধিনায়ক হলেও, আমি সবাইকে বলেছি শুধু আমি ক্যাপ্টেন নই, সবাই ক্যাপ্টেন। সবাই যদি দায়িত্ব নিয়ে খেলে, তাহলে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব।’
