তোষামোদি আচরণের ন্যক্কারজনক পুনরাবৃত্তি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ এএম

অর্থ মন্ত্রণালয় থেকে বাতিল করার পরেও পরবর্তী নির্বাচিত সরকারের মন্ত্রীদের জন্য বাড়তি দামে বিলাসবহুল গাড়ি কেনার উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিআগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ধরনের কেনাকাটায় অতিআগ্রহের কারণ অনুসন্ধান জরুরি বলে মনে করছে সংস্থাটি। গতকাল বুধবার টিআইবির এক বিবৃতিতে বলা হয়, ‘সমালোচনার মুখে প্রথম দফায় গাড়ি কেনার প্রস্তাব নাকচ হওয়ার পর আবারও আগের প্রস্তাবের থেকে বেশি দামে গাড়ি কেনার অভিনব প্রস্তাব উত্থাপন বিগত কর্তৃত্ববাদী সরকার আমলের মতোই একশ্রেণির আমলাদের পরবর্তী সরকারের সম্ভাব্য মন্ত্রীদের প্রতি অতিউৎসাহী তোষামোদি আচরণের ন্যক্কারজনক পুনরাবৃত্তি।’

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, একজন মন্ত্রী কোন ধরনের পরিবহন সুবিধা উপভোগ করবেন, তা দ্য মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজস) অ্যাক্ট, ১৯৭৩-এর ৬ (এ)-তে বলা আছে। আইন অনুযায়ী একজন মন্ত্রী সরকারিভাবে সার্বক্ষণিক একটি কার ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন। তিনি প্রশ্ন তুলে বলেন, বিগত সময়ে মন্ত্রীরা এবং বর্তমানে উপদেষ্টারা কার ব্যবহার করছেন। সেখানে হঠাৎ করে জনপ্রশাসন মন্ত্রণালয় আইনবহির্ভূতভাবে ভবিষ্যৎ মন্ত্রীদের জন্য বিলাসবহুল টয়োটা ব্রান্ডের ল্যান্ড ক্রুজার কেনার জন্য এতটা উদগ্রিব কেন? তা বোধগম্য নয়। সরকারকে এ জাতীয় আগ্রহের পেছনের কারণ অনুসন্ধান করার আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত