প্রতারণার আরেক মামলায় ইভ্যালির মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ দণ্ড দেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ নিয়ে পাঁচটি মামলায় এই দম্পতির মোট ১২ বছর কারাদণ্ডাদেশ হলো।
গতকাল ঘোষিত রায়ের মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী আবুল কালাম আজাদ ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ২৩ লাখ টাকায় ১১টি মোটরসাইকেলের ক্রয়াদেশ দেন। তিনি ৫ লাখ টাকা পরিশোধ করেন। ৭-৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও তা করা হয়নি। পরবর্তী বাদী আদালতে এ মামলাটি করেন। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদনের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেয়।
গত বছরের ২৭ মার্চ পিবিআইয়ের এসআই (উপপরিদর্শক) বাসুদেব সরকার আসামি রাসেল ও শামীমা নাসরিনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেন। এরপর আদালত একই বছরের ৯ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলাটি বিচার চলাকালীন তিনজনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।
