মার্কিন সামরিক উপস্থিতি

বাম গণতান্ত্রিক জোটের তীব্র ক্ষোভ-হুঁশিয়ারি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ মহড়ার নামে মার্কিন বিমানবাহিনীর সামরিক বিমান ও সেনা সদস্যদের উপস্থিতির ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোট এ প্রতিবাদ ব্যক্ত করে।

বিবৃতিতে জোটের নেতারা বলেন, ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩ ’নামের এ যৌথ মহড়ার আওতায় বাংলাদেশে মার্কিন সামরিক উপস্থিতি অনুমোদন দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার তার এখতিয়ারের সীমা অতিক্রম করে একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করছে। এ পদক্ষেপ বাংলাদেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্য ক্ষতিকর।

বিবৃতিতে আরও বলা হয়, চট্টগ্রামের মতো ভৌগোলিকভাবে স্পর্শকাতর এলাকায়, যেখানে গভীর সমুদ্র এবং মায়ানমার সীমান্তের কাছে রোহিঙ্গা ইস্যুসহ নানা জটিলতা রয়েছে, সেখানে মার্কিন বাহিনী দীর্ঘদিন ধরে সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করে আসছে। এ ছাড়া, এই অঞ্চলে দেশের তিন বাহিনীর গোপনীয় ও স্পর্শকাতর স্থাপনা রয়েছে। ফলে, এই ধরনের মার্কিন সামরিক উপস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একইসঙ্গে, এই মহড়ার মাধ্যমে মার্কিন সাম্রাজ্যবাদ বাংলাদেশকে তার ইন্দো-প্যাসিফিক সামরিক কৌশলের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা করছে।

বিবৃতিতে নেতারা সরকারকে এই ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ বিবৃতি প্রদান এবং মার্কিন সাম্রাজ্যবাদের এই ধরনের তৎপরতা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, এই ধরনের সাম্রাজ্যবাদী কর্মকাণ্ড বন্ধ না হলে, এর বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত