রাশিয়ার ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম

রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাতকা উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে সুনামির সতর্কতা জারি করা হলেও কিছুক্ষণ পর সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কামচাতকার প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ১২৮ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়ায় কম্পন তীব্রভাবে অনুভূত হয়।

সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার (এনটিডাব্লিউসি) জানায়, রাশিয়ার উপকূলের কিছু এলাকায় ১ থেকে ৩ মিটার উঁচু সুনামির ঢেউ দেখা যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, কানাডা কিংবা হাওয়াইয়ের জন্য কোনো হুমকি ছিল না। পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনা করে সব সতর্কতা প্রত্যাহার করা হয়।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারও শুরুতে সতর্ক করেছিল যে হাওয়াইয়ের জন্য ঝুঁকি থাকতে পারে এবং স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটের পর ঢেউ দেখা দিতে পারে। কিন্তু পরে নিশ্চিত করে জানানো হয়, রাশিয়ার এই ভূমিকম্প থেকে হাওয়াইয়ের জন্য কোনো হুমকি নেই।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডার কোনো উপকূলেই ধ্বংসাত্মক সুনামির আশঙ্কা নেই। আলাস্কা থেকেও সুনামির কোনো তথ্য পাওয়া যায়নি। তবু স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সতর্ক থেকে নিরাপদ ঘোষণা না দেওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় না ফেরার পরামর্শ দিয়েছে।

অন্যদিকে জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, কামচাতকা উপদ্বীপ ঘেঁষা সাগরপৃষ্ঠে সামান্য পরিবর্তন ঘটতে পারে। তবে জাপানের জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত