ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি

স্টারমারের সঙ্গে দ্বিমত ট্রাম্পের

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিমত পোষণ করেন। লন্ডনে রাষ্ট্রীয় সফরে থাকা অবস্থায় বৃহস্পতিবার দ্বিপক্ষীয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির বিষয়ে আমার প্রধানমন্ত্রীর সঙ্গে মতপার্থক্য আছে। তবে এটিই আমাদের কয়েকটি ভিন্নমতের একটি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তিনি ও ট্রাম্প উভয়েই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তায় একমত। তিনি বলেন, গাজায় পরিস্থিতি সহ্য করার মতো নয়। আমরা একসঙ্গে শান্তির রোডম্যাপ তৈরির ব্যাপারে একমত। ট্রাম্পের সফর শেষে যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কি না, এমন প্রশ্নের উত্তরে স্টারমার বলেন, আমি জুলাইয়ের শেষেই সময়সূচি স্পষ্ট করেছি। এর সঙ্গে ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের কোনো সম্পর্ক নেই। স্টারমার আরও বলেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা একে অন্যকে সম্মান করি, পছন্দ করি এবং সর্বোত্তম সমাধানের পথ খুঁজতে চাই।

এর আগে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, যুক্তরাজ্য সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে ফিরলে সপ্তাহান্তে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে ব্রিটেন। তবে প্রতিবেদনে এ তথ্যের কোনো সূত্র উল্লেখ করেনি ব্রিটেনের প্রভাবশালী দৈনিকটি। এ বিষয়ে রয়টার্স মন্তব্য করার অনুরোধ জানালেও ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জুলাই মাসে সতর্ক করে বলেছিলেন, ইসরায়েল যদি গাজার মানুষের দুর্দশা কমানোর পদক্ষেপ না নেয় এবং প্রায় দুই বছর ধরে সেখানে চালিয়ে আসা হামলা বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে না পারে, তবে ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। একই পথে রয়েছে ফ্রান্সও। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইতিমধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রসঙ্গ প্রাধান্য পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত