অসহায় হতদরিদ্র সাধারণ মানুষের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তার একার পক্ষে তা সম্ভব নয়। তাই দলের প্রত্যেক নেতাকর্মীর উচিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আসুন সবাই মিলে তারেক রহমানের দেশ বিনির্মাণের যে স্বপ্ন তা বাস্তবায়ন করতে তাকে সহযোগিতা করি।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানী তুরাগের রানাভোলা এলাকায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান এ আহ্বান জানান।
তিনি বলেন, সকালে খবরের কাগজ খুললেই দেখা যায় তারেক রহমান গ্রাম-গঞ্জে অজপাড়াগাঁয়ে যার কথা তার পাশের বাড়ি লোক জানে না, তার চিকিৎসা, তাদের লেখাপড়া, তাদের ঘর করে দেওয়া, তাদের বিদেশ পাঠানো ইত্যাদি দায়িত্ব নিচ্ছেন, যা সাধারণ মানুষের মন ছুঁয়ে গেছে। এ ছাড়া আমাদের মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক একইভাবে অসহায় গুণী খেলোয়াড়দের খেলার সুযোগ করে দিচ্ছেন। এমন সুন্দর বাংলাদেশ আমরা চেয়েছিলাম। যেখানে থাকবে ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা।
