মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রীসহ আটক ১০

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রীসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। উপজেলার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ এলাকা থেকে তাদের আটক করা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদ জানা গেছে যে একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর রাত ১১টায় কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান কর্তৃক সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় উক্ত এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য প্রায় ৩৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ডাল, এক লাখ ৫০ হাজার পিস মশার কয়েল,  আড়াই হাজার কেজি রসুন,  এক হাজার কেজি টেস্টিং সল্ট, ১০ হাজার পিস রয়েল টাইগার এনার্জি ড্রিঙ্কস ও আড়াই হাজার কেজি পেঁয়াজ জব্দ করা হয়। পরে ওই বোটে থাকা ১০ পাচারকারীকে আটক করেন তারা।

জব্দ মালামাল, বোট ও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত