মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. রজ্জব আলী বিশ্বাস অফিস কক্ষে বসে প্রকাশ্যে ধূমপান করেন। অফিসে আসা একাধিক সেবাপ্রত্যাশী অভিযোগ করেন, তিনি দায়িত্বকালীন সময়ে সিগারেট টেনে সময় নষ্ট করেন। এতে অফিসের পরিবেশ দূষিত হচ্ছে, পাশাপাশি ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম।
বাংলাদেশে ‘ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং ২০১৩’ সালের সংশোধনী অনুযায়ী, অফিস, আদালত ও জনবহুল স্থানে ধূমপান দ-নীয় অপরাধ। এ বিষয়ে বায়রা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রজ্জব আলী বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, ‘অফিসে আসেন। বসে কথা বলব।’
সিংগাইর ইউএনও মো. কামরুল হাসান সোহাগ বলেন, বিষয়টি জানার পর তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। এরপরও যদি এ ধরনের কোনো কাজ সে করে থাকে তাহলে তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
